ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের রানী এলিজাবেথের জন্মদিনে সম্মাননা পেতে যাচ্ছেন অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক ও অ্যান্ডি ফ্লাওয়ার।
শনিবার প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ওবিই (অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) তে ভূষিত হচ্ছেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান ও দলের সহ-অধিনায়ক অ্যালিস্টাক কুক পাচ্ছেন এমবিই (মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার)।
অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজ সিরিজে স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডকে ঐতিহাসিক জয় এনে দেয়ার প্রধান কারিগর এই ত্রয়ী। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড তিনটিতেই জেতে ইনিংস ব্যবধানে। দলকে নেতৃত্ব দেয়া স্ট্রাউস ব্যাট হাতেও ছিলেন বেশ সফল, ৪৩.৮৫ গড়ে করেন ৩০৭ রান।
তবে সবচেয়ে ছিলেন কুক। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। ১২৭.৬৬ গড়ে করেন ৭৬৬ রান।
২০০৫ সালে দেশের মাটিতে এমবিইতে ভূষিত হওয়া স্ট্রাউস বলেন, "চিঠি'র বাক্সে পাওয়া গ্যাস বিল কিংবা অন্য কিছুর চেয়ে এটা অনেক ভালো। এটা পেয়ে আমি দারুণ খুশি। অস্ট্রেলিয়ায় দল যেভাবে খেলেছে তার চেয়ে ভালো কিছু হতে পারে না।"
তিনি বলেন, "প্রচণ্ড চাপের মধ্যে দল দারুণ খেলেছে। হয়ত আমারা কিছু পেয়েছিও তবে এখানেই থেমে যেতে চাই না। উন্নতির পথে আমাদের ছুটে চলা এখানেই থেমে থাকবে না বরং আরো গতিশীল হবে।"
ত্রয়ী ছাড়াও ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার জ্যাক ব্রিকেনশ এমবিই খেতাবে ভূষিত হয়েছেন। ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট ও ৪৯০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন। পরবর্তীতে কোচ ও আম্পায়ার হিসেবেও কাজ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭১০ ঘ.
bdnews24