ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজ আয়োজনের জন্য জিম্বাবুয়েকে বেছে নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) 'ফিউচার ট্যুর প্ল্যানে' এই বছরের শেষের দিকে শ্রীলঙ্কার পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও ২০০৯ সালের লাহোর আক্রমণের পর পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
ওই ঘটনার পর থেকে পাকিস্তান বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে তাদের ঘরোয়া সিরিজগুলোর আয়োজন করেছে। তবে ওই সব সিরিজ থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেনি পাকিস্তান।
পিসিবির পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) এবার পাকিস্তানে এসে খেলার অনুরোধ জানানো হয়েছিলো। তবে তাদের ওই অনুরোধের একদিন পরই করাচিতে ভয়াবহ হামলায় বেশ কয়েকজন মানুষ নিহত হয়। করাচি জাতীয় স্টেডিয়ামের কাছেই হামলার ঘটনাটি ঘটে।
তাই শ্রীলঙ্কার পক্ষ থেকে ওই অনুরোধ ফিরিয়ে দেয়া হয়। তাছাড়া লহোরের ওই দুঃসহ স্মৃতি এখনো শ্রীলঙ্কার ক্রিকেটারদের তাড়িয়ে বেড়ায়। শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসের উপর ওই হামলায় ৭ নিরাপত্তা কর্মীসহ ৮ জন নিহত হয়। আহত হন শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলেয়াড়-কর্মকর্তা। তাদের অনেকেই এখনো জাতীয় দলে খেলছেন।
বরং সিরিজটি শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিলো এসএলসি। কারণ এর আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঘরোয়া সিরিজ ওই সব দেশেই আয়োজন করেছিলো পিসিবি।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) নিজেদের অনেক ম্যাচের আয়োজন করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরোয়া সিরিজ তারা ওখানেই খেলেছে। ইউএই ক্রিকেট কর্তৃপক্ষও এ বিষয়ে পিসিবির সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে আগ্রহী।
তবে ঝামেলা হচ্ছে ইউএইতে বড় স্পন্সর পাওয়া গেলেও ওখানে ম্যাচ আয়োজনের খরচ শ্রীলঙ্কার তুলোনায় অনেক বেশি। তাই বিকল্প উপায় খুঁজছে পিসিবি।
পিসিবির এক কর্মকর্তা ইএসপিএক্রিকইনফোকে জানান, "জিম্বাবুয়েতে সিরিজ আয়োজনে খরচের বিষয়টি এখন আমরা পর্যালোচনা করে দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫১০ ঘ.
bdnews24