ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করার বিষয়টি আবারো প্রত্যাখান করেছে ভারত।
দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের মনে এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে বলে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ব্যাপারে একটি চিঠি পাঠিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে। এতে বলা হয়, বিসিসিআই চার ম্যাচের টেস্ট সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহারের বিপক্ষে।
প্রথম টেস্ট লর্ডসে শুরু হবে ২১ জুলাই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিধিতে বলা হচ্ছে, প্রতিপক্ষ দুই বোর্ড রাজি হলেই কেবল এই পদ্ধতি প্রয়োগ করা যাবে।
শচীন টেন্ডুলকার ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো সিনিয়র খেলোয়াড়রা বলছেন, আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তির ওপর তাদের বিশ্বাস নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১২ ঘ.
bdnews24