ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দল নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন ছিল বলে মনে করছেন নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক জন বুকানন। তিনি বলেন, খণ্ডকালীন নির্বাচকদের দিয়ে কাজ চালানো সময়ের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
খণ্ডকালীন নির্বাচকদের বদলে একজন জাতীয় নির্বাচক-ম্যানেজার নিয়োগ করেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। জাতীয় দলের কোচ জন রাইট ও জাতীয় নির্বাচক-ম্যানেজার দল নির্বাচন করবেন। তবে শেষ কথা বলবেন কোচই।
স্থায়ীভাবে নতুন কাউকে দায়িত্ব না দেয়া পর্যন্ত আপাতত জাতীয় নির্বাচক-ম্যানেজার হিসেবে কাজ করবেন মার্ক গ্রেটব্যাচ।
অস্ট্রেলিয়ার কোচ হিসেবে বুকানন কাজ করেন ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত। অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা থেকে নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেন, খেলা সম্পর্কে যত ভালো ধারণাই থাকুক না কেন, খণ্ডকালীন কাউকে দিয়ে পেশাদারের মতো কাজ আদায় করা সম্ভব নয়।
নতুন দল নির্বাচন পদ্ধতির সাফাই গাইতে গিয়ে বুকানন বলেন, "নতুন দল নির্বাচন পদ্ধতির প্রতি জোরালো সমর্থন আমরা পেয়েছি। এখন এই পদের জন্য উপযুক্ত ব্যক্তিকে আমাদের খুঁজে বের করতে হবে।"
দল নির্বাচনের ক্ষেত্রে কোচকেই শেষ কথা বলার সুযোগ দেয়ায় কোচ-অধিনায়কের পুরনো দ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে অনেকেই ধারণ করছেন।
কিন্তু বুকানন বলছেন, "আমি মনে করি, দল নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কোচেরই নেয়া উচিত। কখনো কখনো খেলোয়াড় হিসেবে অধিনায়ককেই বাদ দিতে হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২৭ ঘ.
bdnews24