ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিন নম্বরে ব্যাট করতে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
মাইকেল ক্লার্কের অধীনে ওই সিরিজে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তির ২৫ সদস্যের তালিকা থেকে সাইমন ক্যাটিচের নাম বাদ দেয়ার পরদিন পন্টিং জানান, প্রথম উইকেটের পতনের পর তিনি ব্যাট করতে চান।
অ্যাশেজের শেষ টেস্টে অভিষিক্ত উসমান খাজা পন্টিংয়ের বদলে চার নম্বরে ব্যাট করেন। তবে এবার তাকে মাঝসারির যে কোনো জায়গায় ব্যাট করতে হতে পারে।
রেডিও স্টেশন ট্রিপল এমকে পন্টিং বলেন, "অধিনায়ক যেখানে চাইবেন আমি সেখানেই ব্যাট করবো। গত কয়েক বছর ধরে আমাকে তা নিয়ে ভাবতে হয়নি কারণ তখন আমি ছিলাম নেতৃত্বে। তবে এবার সেটা হচ্ছে না।"
"শ্রীলঙ্কায় আমি তিন নম্বরে ব্যাট করতে চাই। তবে এ ব্যাপারে অধিনায়ক এখনো কিছু বলেন নি।"
সফরে সাইমন ক্যাটিচ না থাকলেও বড় ধরনের খুব বেশি পরিবর্তন হবে না বলে পন্টিং মনে করেন। ক্যাটিচের বদলে ফিল হিউজেসকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দেখছেন তিনি।
ক্রিকেট জীবনের শুরুতে ছয় নম্বরে ব্যাট করলেও পরে তিন নম্বরে নেমে বেশ সাফল্য পেয়েছিলেন পন্টিং। ১৯৯৯ সালে শ্রীলঙ্কা সফরে তিনে খেলেছিলেন দুর্দান্ত। অধিনায়কত্ব হারানোর পর আবার ওই পজিশনে ফিরতে চান তিনি।
"এটা বলতে অনীহা নেই আমার টেস্ট ক্রিকেট জীবন শুরু করেছিলাম ছয় নম্বরে ব্যাট করে। ব্যাট করতে নামার আগের সময়টুকু কি করে কাটাবো তা নিয়ে ভেবে পেতাম না। অপেক্ষার সময়টুকু আমাকে ক্লান্ত করে ফেলে। তবে অধিনায়ক চাইলে তিন আর ছয় যেখানেই হোক আমি প্রস্তুত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এনএসএল/২১১৩ ঘ.
bdnews24