২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায়রকে তিরস্কার করলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টের শেষ দিনে সাজঘরের জানালা ভাঙ্গার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের ক্রিকেটার ম্যাট প্রায়রকে কঠোর ভাষায় তিরস্কার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টের শেষ দিনে সাজঘরের জানালা ভাঙ্গার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের ক্রিকেটার ম্যাট প্রায়রকে কঠোর ভাষায় তিরস্কার করেছে। শেষ বিকালে দ্রুত রান নিতে গিয়ে রানআউট হয়ে যান প্রায়র (৪)। তিনি সাজঘরে ফেরার পর হঠাৎ করেই একটি বস্তু জানালার কাঁচে আছড়ে পড়ে তা চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং ওই কাঁচে প্যাভিলিয়ানে বসা একজন মহিলার গোঁড়ালি কেটে যায়। প্রথমে ধারণা করা হয় ওটা 'গ্লাভ' কিন্তু পরে দেখা যায় জিনিসটা আসলে একটা ব্যাট। যদিও ঘটনার পর প্রায়র অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে সঙ্গে করে সকলের কাছে ক্ষমা চান। ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে কোনো শাস্তি দেয়নি। কিন্তু মাঠের দুই আম্পায়ার বিলি ডকট্রোভে ও রড টকার সহ তৃতীয় আম্পায়ার আলীম দার ওই ম্যাচের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকে বিষয়টি জানান। তারপরই প্রায়রকে তিরস্কার করে চিঠি পাঠায় আইসিসি। তবে তাকে কোনো জরিমানা করা হয়নি। শ্রীনাথ বলেন, "ম্যাট জানে তার আচরণ আইন ভঙ্গের সামিল। আশাকরি ভবিষ্যতে সে আরো সতর্ক হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৩ ঘ.