ঢাকা জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির স্বীকার করেছেন সারের একটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
আমির বলেন, "আমাকে বলা হয়েছিল এ ম্যাচ খেললে আইসসি'র নিষেধাজ্ঞা ভাঙবেনা।" সে আশ্বাস পেয়েই ৪ জুন সারে ক্রিকেট লিগ ডিভিশন ওয়ান ম্যাচে এডিংটনের হয়ে খেলেন আমির।
এদিকে সারের ক্লাবের হয়ে আমিরের মাঠে নেমে নিষেধাজ্ঞা ভেঙেছেন কী না সে ব্যাপারে তদন্তে নেমেছে আইসিসি। ইংল্যান্ডে স্পট ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমিরকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে।
পাকপ্যাশন ডটনেটকে আমির বলেন, "ক্লাব প্রতিনিধিরা আমাকে বলেছিল এটা নিছকই একটা প্রীতি ম্যাচ। এছাড়া খেলাও হবে একটা ব্যাক্তি মালিকানাধীন মাঠে।"
আমির বলেন, "ক্লাব প্রতিনিধিদের জিজ্ঞেস করেছিলাম এই ম্যাচ ইসিবি'র আওতাধীন কী না। জবাবে তারা জানায় এটি ইসিবির আওতাধীন নয়। শুধু তাদের সঙ্গেই নয় আরো কয়েকটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিশ্চিত হই এটা একটা প্রীতি ম্যাচ এবং আইসিসি'র নিষেধাজ্ঞা ভাঙছিনা। তারপরই খেেেলত রাজি হই।"
আমির এ সময় ক্লাবের সঙ্গে কোনো রেজিস্ট্রেশন ডকুমেন্টে স্বাক্ষরের কথা অস্বীকার করেন। দৃঢ়ভাবে জানান জেনেশুনে অফিসিয়াল ম্যাচ খেলার ঝুঁকি তিনি কখনোই নেবেন না।
"আমি এতোটা বোকা নই জেনেশুনে নিষেধাজ্ঞা ভেঙে কোনো ম্যাচ খেলবো। যেখানেই খেলিনা কেন সারা পৃথিবী সেটা জানবে। আমি এতো বোকা নই এক ম্যাচ খেলে নিজেকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দেবা।"
এডিংটনের ৮৪ রানের জয়ে আমিরই ছিলেন প্রধান অস্ত্র। সেন্ট লুকাস ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে উদ্বোধন করতে নেমে করেন ৬০ রান। পরে বল হাতে ৭ ওভারে ৪ উইকেট নেন ৯ রানে।
আমিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে খেলার অভিযোগ এটাই প্রথম নয়। এ বছরের জানুয়ারিতে রাওয়ালপিন্ডি ক্লাবের হয়ে প্রীতি ম্যাচে খেলেন তিনি। পরে তদন্তে দেখা যায় ওই দল রাওয়ালপিন্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশ নিবন্ধিত নয় এবং এটা ছিল 'আনঅফিসিয়াল' ম্যাচ। সে যাত্রায় নির্দোষ প্রমাণিত হন আমির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৪ ঘ.
bdnews24