ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের অভাব অনুভব করছে ওয়েস্ট ইন্ডিজ - এমনটাই মনে করেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রামনরেশ সারোয়ান।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধের কারণে ভারতের বিপক্ষে চলমান একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচে দলে রাখা হয়নি গেইলকে।
ভারতের কাছে ৪ উইকেটে হেরে যাওয়া সিরিজের প্রথম একদিনের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২১৪ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সারোয়ান বলেন, "সত্যি বলতে কি আমরা তার (গেইল) অভাব বোধ করছি। তার জায়গায় অন্য কাউকে বেছে নেয়া খুবই কঠিন। একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান। তবে যেহেতু নির্বাচকরা একটি সিদ্ধান্ত নিয়েছেন তাই আমাদের যা আছে তাই নিয়েই কাজ চালিয়ে নিতে হবে।"
নিজের খেলা নিয়েও সন্তুষ্ট নন সারোয়ান। তবে তার বিশ্বাস দ্রুতই নিজেকে ফিরে পাবেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজে স্পিন বোলিংয়ের সামনে বেশ নড়বড়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। তাদের সেই দুর্বলতা ভারতের বিপক্ষে সিরিজেও দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে ভারতের স্পিনাররা দখল করেন ৫টি উইকেট।
ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে হারের পর প্রথম একদিনের ম্যাচেও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ।
এটা হাতাশার হলেও দল ভেঙ্গে পড়েনি বলে মনে করেন সারোয়ান। বরং সিরিজের বাকী ম্যাচগুলোতে তাদের পক্ষে ফিরে আসা সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, "এখনো আমরা সাহস হারাইনি। ভুলে যাবেন না আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করেছিলাম। আমরা শেষ দুটি একদিনের ম্যাচ ও প্রথম টেস্ট জিতেছিলাম। আমাদের শুরুটা ভালো হয়নি কিন্তু এখনো সিরিজে চারটি ম্যাচ বাকী আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৪৯ ঘ.
bdnews24