ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েকদিন পর ৪২ বছর হবে সনাৎ জয়াসুরিয়ার, তাতে কি। 'ফর্ম' ধরে রেখেছেন বলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। চলতি ইংল্যান্ড সফরেই মাঠে দেখা যেতে পারে তাকে।
শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা 'মাদক' কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ার কারণে দলের বাইরে চলে যান। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ও একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে দেখা যেতে পারে জয়াসুরিয়াকে।
জুনের ৩০ তারিখে ৪২ বছর হবে জয়াসুরিয়ার। তাই মাঠে নামলে তিনিই হবেন সবচেয়ে বয়স্ক ক্রিকেটার।
ডেইলি মিরর-এ জয়াসুরিয়া বলেন, "নির্বাচকরা আমাকে ডাকলে আমি খেলতে রাজি আছি। আমি সব সময়ই বিদেশে আমার দেশকে তুলে ধরতে চাই। সুযোগ পেলে শতভাগ উজাড় করে দেব।"
বাঁ-হাতি এই ব্যাটসম্যান জানান, তিনি এখনো বিশ্বের সেরা ক্রিকেটারদের মতো খেলতে পারবেন।
জয়াসুরিয়া ২০০৭ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ভারতের বিপক্ষে ২০০৯ সালের ডিসেম্বরে শেষ একদিনের ম্যাচ খেলেন।
তবে তিনি নিশ্চিত করেছেন, দেড় বছর মাঠের বাইরে থাকলেও খেলতে তার কোনো অসুবিধা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৮ ঘ.
bdnews24