ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের পর্যায়ক্রমিক প্রেসিডেন্ট নির্বাচন প্রথা বাতিল করার চিন্তা-ভাবনা করছে। হংকংয়ে জুনে সংস্থাটির বার্ষিক মহাসভায় এই বিষয়টি অনুমোদন পেতে পারে।
বর্তমান নিয়মে সংস্থাটির পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হবেন পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধি- যারা আইসিসির উক্ত পরিকল্পনার বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে আইসিসির পক্ষ থেকে ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করা হয়েছে যে, চেন্নাইয়ে গত সপ্তাহে আইসিসির পরিচালনা কমিটির যে বৈঠক হয়েছে তাতে প্রধান আলোচ্য বিষয় ছিলো প্রসিডেন্ট নির্বাচনের বর্তমান নিয়মটির পরিবর্তন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডকে ২০১০ সালে আইসিসির ভাইস-প্রেসিডেন্ট পদে মননীত করার পরই পর্যায়ক্রমের প্রসিডেন্ট নির্বাচনের প্রথা নিয়ে বিতর্কের সূচনা হয়।
পর্যায়ক্রমের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পালায় হাওয়ার্ডকে বাছা হয়েছিলো। তবে আইসিসির অন্য সদস্যদের আপত্তির কারণে হাওয়ার্ডের মনোনয়ন বাতিল করা হয়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের অ্যালেন আইজ্যাকে ওই পদের জন্য বেছে নেয়া হয়।
যখন থেকে আইসিসির প্রেসিডেন্ট পদের সূচনা হয়েছে তখন থেকে সংস্থাটির পূর্ণ সদস্যদের পক্ষ থেকে পর্যায়ক্রমে একজন করে ওই পদে নির্বাচিত হতেন। যেমন ভারতের পক্ষে জাগমোহোন ডালমিয়া, অস্ট্রেলিয়ার ম্যালকোলম গ্রে, পাকিস্তানের ইহসান মানি ও দক্ষিণ আফ্রিকার পর্সি সন্ ওই পদে নির্বাচিত হয়েছিলেন।
২০০৭ সালে ভাইস-প্রেসিডেন্ট পদের সূচনা হলে আইসিসির সদস্য দেশগুলোকে জোড়ায় জোড়ায় ভাগ করে দেয়া হয়: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড, ভারত-শ্রীলঙ্কা, পাকিস্তান-বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫২৫ ঘ.
bdnews24