২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরছেন আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার জন্য দেশে ফিরে আসছেন শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার জন্য দেশে ফিরে আসছেন শহিদ আফ্রিদি। রোববার রাতেই তার দেশে পৌঁছার কথা। বর্তমানে আফ্রিদি লন্ডনে রয়েছেন। লাহোরে ৮ জুন পিসিবি'র গঠিত তিন সদস্যের একটি কমিটির সামনে তার হাজির হওয়ার কথা। সেখানে আচরণবিধি লঙ্ঘনের জন্য তার শুনানি হওয়ার কথা রয়েছে। শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দেয়ার পর বোর্ডের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অবসরের ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেছিলেন, পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে তিনি খেলবেন না। তবে নতুন নেতৃত্বের অধীনে তার খেলতে আপত্তি নেই। এর আগে ৩ জুন আফ্রিদির পক্ষ থেকে একটি আইনি প্রতিষ্ঠান বিরোধ মিটিয়ে ফেলার জন্য কাছে বোর্ডের একটি চিঠি পাঠায়। চিঠিটি আইনি কোনো নোটিশ ছিল না, তবে এতে পাকিস্তানের ক্রিকেটে আফ্রিদির অবদান ও হ্যাম্পশায়ারের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। চুক্তি বাতিলের পাশাপাশি বোর্ড অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয়ায় কাউন্টিটির হয়ে খেলতে পারছেন না তিনি। হ্যাম্পশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় আফ্রিদির খেলার কথা ছিল। এরই মধ্যে আফ্রিদির ম্যানেজার উমরান খান ইএসপিএনক্রিকইনফোকে বলেন, কমিটির সামনে হাজির হবেন আফ্রিদি। কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হচ্ছে, ক্যামেরার সামনে শুনানিতে অস্বস্তি বোধ করেন বলে নাও হাজির হতে পারেন আফ্রিদি। তবে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে গত দু'দিন আফ্রিদি লন্ডনে কয়েকজন পাকিস্তানি রাজনীতিবিদের সঙ্গে দেখা করে আলাপ-আলোচনা করেন। পাকিস্তানে কয়েকজনের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। তাদের মধ্যে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি, সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা নওয়াজ শরিফও রয়েছেন। এছাড়া আরো সঙ্কট সৃষ্টি হওয়ার আগে আফ্রিদি এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বানও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫০ ঘ.