ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালেন ডোনাল্ড নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হচ্ছেন না। যদিও নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ডোনাল্ডের একটি মৌখিক চুক্তি হয়েছিলো। কিন্তু ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে কাজ করার জন্য ডোনাল্ড ওই চুক্তি প্রত্যাহার করেন।
গত সপ্তাহে ডোনাল্ড চুক্তিবদ্ধ হয়েছিলেন বলে জানান নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভাউইন। তবে ডোনাল্ডের এমন হঠাৎ মত বদলের কারণ ব্যাখ্যা কারতে গিয়ে ভাউইন বলেন, "আমরা অ্যালেনকে ফেরানোর জন্য সম্ভাব্য সব কিছুই করেছি। তবে এটা ঠিক যে তিনি ও তার পরিবার দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করাটাই পছন্দ করবেন।"
ডোনাল্ডকে হারানোটা হতাশজনক বলেও উল্লেখ করেন ভাউইন।
এ বছরের জানুয়ারি থেকে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিভিত্তিতে নিউজিল্যান্ডের হয়ে কাজ করেছেন ডোনাল্ড। এর পর ডোনাল্ড অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া নিজেদের সাবেক ফাস্ট বোলার ক্রেইগ ম্যাকডেরমোটকে নিয়োগ দিলে নিউজিল্যান্ডেই থেকে যেতে চেয়েছিলেন ডোনাল্ড।
তবে গত কয়েক দিনে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ দক্ষিণ আফ্রিকার গ্যারি ক্রিসটেনের নিজ দেশে প্রধান কোচ হওয়ার সম্ভাবনা দেখা দিলে ডোনাল্ডকে তার সহকারী (বোলিং কোচ) হিসেবে নিয়োগ দেয়ার চিন্তা করছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সোমবার সেদেশের নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩০০ ঘ.
bdnews24