২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার নম্বরে ব্যাট করতে চান উমর

পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল আরো উপরের দিকে ব্যাট করতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল আরো উপরের দিকে ব্যাট করতে চান। পাকিস্তানের একটি ওয়েবসাইটে উমর আকমল বলেন, চার নম্বরে ব্যাট করতে চান তিনি। বর্তমানে টেস্টে ও একদিনের খেলায় তিনি ব্যাট করেন ছয় নম্বরে। "চার নম্বরে ব্যাট করার যোগ্যতা যে আমার আছে তা দলের অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্টকে বোঝানোর চেষ্টা আমি করবো," বলেন তিনি। সেই সঙ্গে তিনি একথাও বলেন যে দলে জায়গা পাওয়ায় তিনি কৃতজ্ঞ এবং দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাট করতে রাজি আছেন। নিজেকে টেস্ট ব্যাটসম্যানে পরিণত করার উপর উমর নজর দিয়েছেন বলে জানান। তিনি বলেন, "টেস্ট ম্যাচ কিভাবে খেলতে হয়, আমি এখনো তা শিখছি। তবে আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে পাঁচ দিনের খেলায় খেলার মতো ধৈর্য ও দক্ষতা আমার আছে।" উমর ১৫ টেস্টে রান করেছেন ৯৮৮। গড় ৩৬.৫৯। টেস্ট ব্যাটসম্যান হতে গেলে উইকেট ছুঁড়ে দেয়ার প্রবণতা ছাড়তে হবে উমরকে। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার শুরু করেন তিনি। চার ইনিংসের চারটিতেই ৩০-এর কোঠা ছাড়িয়ে যান। কিন্তু ৫০ রান টপকে যান তিনি মাত্র একবার, করেন ৫৬। উমরও তা মানছেন। বলেন, টেস্ট ক্রিকেটে হঠকারিতার কোনো জায়গা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৮ ঘ.