ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (আরডিএস) থাকছেনা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র সিরিজে আরডিএস ব্যবহৃত না হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এ ব্যাপারে একমত হয়েছে।
ভারতের চাপের মুখে এক সিরিজ পরেই আরডিএস ব্যবহার থেকে সরে এলো ওয়েস্ট ইন্ডিজ। এর আগে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে সবকটি খেলায় আরডিএস ব্যবহৃত হয়।
দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে আরডিএস ব্যবহৃত হবে কি না দুই দেশের বোর্ডের সিদ্ধেন্তের উপর নির্ভর করে। স্বাগতিক দেশ সিদ্ধান্ত বিশেষ সুবিধা পেলেও শক্তিশালী বিসিসিআইয়ের চাপের মুখে নতি স্বীকার করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
শনিবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হচ্ছে। এছাড়াও সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি একদিনের ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
বিসিসিআই প্রথম থেকেই আরডিএস ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আরডিএসের বর্তমান প্রযুক্তি সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট নয় বলে তারা মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬০০ ঘ.
bdnews24