২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের প্রশংসায় স্ট্রাউস

নিশ্চিত ড্র ম্যাচে ইনিংস ব্যবধানে জেতায় সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিশ্চিত ড্র ম্যাচে ইনিংস ব্যবধানে জেতায় সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথমটিতে ইনিংস ও ১৪ রানে জেতে ইংল্যান্ড। বৃষ্টির কারণে প্রায় ১৩০ ওভার খেলা না হওয়ার পরও জয় ছিনিয়ে নিতে কোনো সমস্যা হয়নি ইংল্যান্ডের। শেষ পাঁচ টেস্টে এটি ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে চতুর্থ জয়। সফরকারী শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানের গড় ৫০-এর উপরে। তারপরও শেষদিন দলটির দ্বিতীয় পালা গুটিয়ে যায় ৮২ রানে। দুই ঘন্টাও ব্যাট করতে পারেনি তারা। স্ট্রাউস বলেন, "জেতার জন্য আমরা আমাদের সেরাটা ঢেলে দিয়েছি। তবে এত সহজে জিতবো, তা ভাবিনি। খেলোয়াড়দের লড়াকু মনোভাব আমাকে মুগ্ধ করেছে।" "এটাই টেস্ট ক্রিকেট। জয়ের জন্য তুমি কতটা মরিয়া তার পরীক্ষা হয়ে যাবে এখানে। আমরা জয়ের জন্য আমাদের উজাড় করে দিয়েছি। আমি মনে করি, এই জয়টা আমাদের প্রাপ্য," বলেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক বলেন, "আমি সত্যিই মুগ্ধ। জেতার জন্য আমরা কতটা মরিয়া তা আমরা দেখিয়েছি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর এটা আরেকটি উদাহরণ।" অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড অ্যশেজ সিরিজ জেতে ৩-১ ব্যবধানে। দলের 'স্ট্রাইক' বোলার জেমস অ্যান্ডারসন চোট পাওয়ায় লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। শুক্রবার শুরু হচ্ছে এই টেস্ট। তবে তৃতীয় ও শেষ টেস্টে অ্যান্ডারসনের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী স্ট্রাউস। সাউদাম্পটনে ১৬ জুন শুরু হবে টেস্টটি। . বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৩ ঘ.