ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক জানিয়েছেন, দলের নেতৃত্ব পাওয়ার জন্য তিনি কখনোই মরিয়া ছিলেন না। বরং দলের হয়ে ভালো খেলাই তার লক্ষ্য।
একই সঙ্গে তিনি বলেন, দলের নেতৃত্ব তিনি উপভোগ করেন। কিন্তু অন্য কারো অধীনে খেলতে তার আপত্তি নেই।
পাকপ্যাশনডটনেটে মিসবাহ বলেন, "আমি একদিনের দলের নেতৃত্বের জন্য লালায়িত নই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে অবশ্যই আমি দায়িত্ব নেব।"
দেশের হয়ে ভালো খেলাই তার লক্ষ্য বলে জানিয়ে তিনি বলেন, "যে কারো অধীনে আমি খেলতে রাজি আছি।"
মিসবাহর হাতে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব থাকলেও দেশটির একদিনের দলের অধিনায়ক ছিলেন শহিদ আফ্রিদি। পরে বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একদিনের সিরিজের আগে আফ্রিদিকে সরিয়ে মিসবাহ'র হাতে একদিনের দলের নেতৃত্ব তুলে দেয় পিসিবি।
সোমবার আফ্রিদি সাফ জানিয়ে দেন, বোর্ডের বর্তমান নেতৃত্বের অধীনে তিনি আর খেলবেন না। তবে নতুন নেতৃত্বের অধীনে তিনি খেলতে রাজি আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭০০ ঘ.
bdnews24