ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট বলেছেন, একদিনের দলের দলপতি শহিদ আফ্রিদিকে সরিয়ে দেয়ার সুস্পষ্ট কারণ রয়েছে। তবে এই কারণের কথা তিনি এখনই প্রকাশ করেননি, সময় হলেই জানিয়ে দেবেন বলে জানান।
গত সপ্তাহে একদিনের দলের লাগাম আফ্রিদির কাছ থেকে নিয়ে মিসবাহ-উল-হকের হাতে তুলে দেয়া হয়। আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান জেতে একদিনের সিরিজে। এছাড়া তার নেতৃত্বে বিশ্বকাপ অভিযান শেষ করে চতুর্থ স্থান দখল করে।
তারপরও আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা করেনি পিসিবি। আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণও ব্যাখ্যা করেনি। তবে ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফরকালে সেরা একাদশ গঠন নিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে মতবিরোধের জের ধরে আফ্রিদিকে সরিয়ে দেয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আফ্রিদি বলেন, "টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিরোধ এমন পর্যায়ে পৌঁছায়নি যে তার নিষ্পত্তি সম্ভব নয়। প্রত্যেকেরই নিজের কাজটা করা উচিত এবং কারো কাজে নাক গলানো ঠিক না।"
এই মন্তব্য করায় আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এর পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ থেকে সরে দাঁড়ান আফ্রিদি। তখন থেকে সবাই বলাবলি করতে থাকেন যে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় আফ্রিদি এই সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু আফ্রিদি বলেন, বাবা অসুস্থ বলে তিনি খেলতে পারছেন না।
আফ্রিদিকে নিয়ে পিসিবি'র চেয়ারম্যান হিসেবে ইজাজ বাটের দায়িত্ব পালনের মেয়াদকালে নয়জন টেস্ট ও একদিনের দলের অধিনায়ককে সরিয়ে দেয়া হলো। তিন বছরের কিছু কম সময় ধরে ইজাজ এই দায়িত্ব পালন করছেন।
কিন্তু জং পত্রিকাকে ইজাজ বলেন, "কোনো কারণ ছাড়া আমরা তাদের সরিয়ে দেইনি।"
আফ্রিদিকে সরিয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, "আফ্রিদিকে সরানোর সুস্পষ্ট কারণ আছে। সময় হলে আমি তা প্রকাশ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৯ ঘ.
bdnews24