ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঁধের চোট গোপন করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা উড়িয়ে দিয়েছেন গৌতম গম্ভির। সেই সঙ্গে তিনি বলেন, দেশের আগে তিনি কখনোই তার দল কলকাতা নাইট রাইডার্সকে স্থান দেননি।
হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, "আধুনিক ক্রিকেটারদের সবাই জানেন যে আহত অবস্থায় খেললে ক্রিকেট-জীবনই কেবল সঙ্কটের মুখে পড়বে।"
"তাই চোট পাওয়ার কথা গোপন করে আমার আইপিএল-এ খেলা গাল-গল্প ছাড়া আর কিছুই নয়," বলেন তিনি, "চোট কতটা গুরুতর, তা অনুধাবন না করেই আমি আইপিএল-এ খেলি। তবে খেলার সময় আমার অস্বস্তি লাগছিল।"
গম্ভির বলেন, "অধিনায়ক হিসেবে কলকাতার হয়ে মাঠে থাকা আমার দরকার ছিল। কিন্তু দেশের চেয়ে ক্লাবকে আমি আগে রেখেছি বলে যে কথা বলা হচ্ছে তা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।"
এলিমিনেটরে হেরে কলকাতা আইপিএল থেকে বিদায় নেয়।
এর আগে কলকাতার ট্রেইনার অ্যান্ড্রু লেইপাস ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) পাঠানো এক চিঠিতে লেখেন, কলকাতায় পৌঁছে গম্ভির তার কাঁধের ব্যথার কথা জানিয়েছিলেন। এর পরপর স্ক্যান করে জানা যায়, তার চোট গুরুতর এবং তা সারতে চার থেকে ছয় সপ্তাহ লাগার কথা।
গম্ভির বলেন, "বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে রান নেয়ার সময় কাঁধে সামান্য চোট পাই আমি। তবে তখন ব্যথা অনুভব করিনি বলে এটিকে বড় করেও দেখিনি।"
২২ মে গ্র"প পর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার সময় কাঁধের চোটের অবস্থা খারাপ হয়ে থাকতে পারে বলে স্বীকার করেন গম্ভির। তবে তিনি এখনো একে সমস্যা হিসেবে দেখছেন না।
বিসিসিআই'র কাছে লেইপাসের চিঠির পরও কেন তিনি কলকাতার পরের খেলায় মাঠে নামলেন? এই প্রশ্নের জবাবে গম্ভির বলেন, খেলার আগে তিনি তার চোট নিয়ে লেইপাসের সঙ্গে আলোচনা করেননি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে গম্ভির অনিশ্চিত হয়ে পড়েছেন। সেখানে একদিনের সিরিজে তার ভারত দলের নেতৃত্ব দেয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৪০ ঘ.
bdnews24