ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাট হাতে তেমন একটা সুযোগ পাননি, কিন্তু আসল অস্ত্র বোলিংয়ের মাধ্যমে ঠিকই বিশ্ববাসীর সামনে মেলে ধরেছেন বাংলাদেশের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে বালাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী সাকিব আল হাসান ছিলেন এমনই দুরন্ত।
কলকাতা নাইট রাইডার্স চলতি মৌসুমে মোট ১৫ বার মাঠে নামলেও বাংলাদেশ দলের অধিনায়কের গাঢ় নীল জার্সি পরার সৌভাগ্য হয় ৭ বার। ৭ খেলায় ৩ বার ব্যাট হাতে নেয়ার সুযোগ পান তিনি, ১৪.৫০ গড়ে তোলেন ২৯ রান। এর মধ্যে ২৬ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দলের চরম বিপর্যয়ের মুহুর্তে, ব্যাট হাতে ঝলসে ওঠেন। ১৬ বলে ঝড়ো ২৬ রান সংগ্রহ করেন।
সেই খেলার শেষ ওভারে যখন মুম্বাইয়ের প্রয়োজন ৭ রান, অধিনায়ক গৌতম গম্ভির বল তুলে দেন সাকিবের হাতে। দলকে জেতাতে পারেননি ঠিকই, কিন্তু অধিনায়কের আস্থা অর্জন করেছেন, এই বা কম কি!
বোলার হিসেবে নিজের জাত ঠিকই চিনিয়েছেন। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ২২ এপ্রিলের ম্যাচটি বাদ দিলে প্রতিটি খেলায় সফল তিনি।
৭ খেলায় ২৫ ওভার ৩ বল করে ১১ উইকেট দখল করেন। কলকাতার বোলারদের পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যাবে, তার গড় সবচেয়ে কম (১৫.৯০)! ওভার প্রতি রান দিয়েছেন ৬.৮৬ করে। আইপিএলের বিচারে ঈর্ষণীয় নিঃসন্দেহে।
এ বছরের মতো আইপিএল সফর শেষ। তবে এ কথা বলার বাকি নেই, সামনের মৌসুমেও কলকাতার বড় অস্ত্রগুলোর একটি হবেন সাকিব আল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২০০৪ ঘ.
bdnews24