ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারপ্রাপ্ত অধিনায়ক গৌতম গম্ভিরকে চোটের কারণে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অপরদিকে, চোটগ্রস্থ আরেক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ আশা করছেন, ইংল্যান্ড সফরে দলে ফিরবেন।
'মাস্টার' ব্যাটসম্যান শচিন তেন্ডুলকার ও নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দিয়ে ঘোষণা করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারত দল। ২০০৯ থেকে ডান কাঁধের চোটে ভুগতে থাকা শেবাগ অস্ত্রপচার করলেন কিছুদিন আগে। তাই তাকে দলে রাখার ঝুঁকি নেয়নি বিসিসিআই।
কিন্তু ধোনির বদলে যার কাঁধে দায়িত্ব পড়লো দলকে টানার, সেই গম্ভির অনুসরণ করলেন শেবাগেরই পথ। তারও একই সমস্যা, ডান কাঁধের চোট। ব্যথাটা প্রথম অনুভব করেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। কিন্তু, চোটের বিষয়টি সবার সামনে আসে, যখন আইপিএলের লিগ ম্যাচের শেষ খেলায় বার বার ব্যথায় কুকঁড়ে উঠছিলেন গম্ভির। তার ক্যারিবীয় সফরে নিয়ে প্রশ্ন উঠার শুরু তখন থেকেই।
বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছে বিসিসিআই। বোর্ড সচিব এন শ্রীনিভাস বলেছেন 'ফিটনেস' ঘাটতি থাকলে গম্ভির ছাড়াই সামিদের দেশে উড়াল দেবে ভারত।
"তার মেডিক্যাল ফলাফলের অপেক্ষায় আছি। শারীরিকভাবে অযোগ্য হলে তাকে দল থেকে বাদ দেওয়া হবে।"
কলকাতা নাইট রাইডার্সের মনোরোগ বিশেষজ্ঞ অ্যান্ড্রু লেইপস ইতিমধ্যে বিসিসিআইকে এক চিঠির মাধ্যমে গম্ভিরের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ব্যথা কাটিয়ে ওঠার জন্য গম্ভিরের কমপক্ষে ৪ থেকে ৬ সপ্তাহ বিশ্রাম প্রয়োজন।
২৫ মে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে পড়েছে গম্ভিরের কলকাতা নাইট রাইডার্স। চোট নিয়ে আইপিএলের ম্যাচ খেলা সম্ভব হলে দেশের হয়ে খেলবে সমস্যা কোথায়, এই প্রশ্নে সমালোচকরা তীর ছুড়ছেন গম্ভীরকে।
শেবাগও একই প্রশ্নের সম্মুখীন। তিনিও চোট নিয়ে দিব্যি চালিয়েছেন আইপিএলের খেলা। ধুঁন্ধুমার ব্যাটিংয়ে ১১ ম্যাচে করেছেন ৪২৪ রান। হয়তো প্রশ্নের হাত থেকে বাঁচতেই ইংল্যান্ড সফরে ফিরতে চাইছেন তিনি।
ভারতীয় দৈনিক মিড ডেকে শেবাগ বলেন, "আশা করি ইংল্যান্ড সিরিজে খেলতে পারবো। ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই শরীর সুস্থ হয়ে উঠবে।"
ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ভারত যাবে ইংল্যান্ড সফরে।
জুলাইয়ে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরে চার টেস্টের পাশাপাশি পাঁচটি একদিনের ম্যাচ ও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৮২২ ঘ.
bdnews24