২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ গাঙ্গুলির প্লটের বরাদ্দ বাতিল

কলকাতায় ক্রিকেট স্কুল গড়ে তুলতে সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকারের দেওয়া একটি প্লটের বরাদ্দ বাতিল করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় ক্রিকেট স্কুল গড়ে তুলতে সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকারের দেওয়া একটি প্লটের বরাদ্দ বাতিল করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, সদ্যবিদায়ী বামফ্রন্ট সরকার অবৈধভাবে পশ্চিমবঙ্গের তারকা ক্রিকেটারকে সল্ট লেকের ওই প্লট বরাদ্দ দিয়েছিলো। আগামী দুই সপ্তাহের মধ্যে প্লটটি সরকারের কাছে হস্তান্তর করতেও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ককে আদেশ দিয়েছে আদালত। এ সময়ের মধ্যে প্লটের জন্য সৌরভের জমা দেওয়া পুরো অর্থ তাকে ফেরত দিতে রাজ্য সরকারকে বলা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। আন্তর্জাতিক একটি স্কুল গড়ে তুলতে ২০০২ সালে এক একরের বেশি জমির একটি প্লট বরাদ্দ পান সৌরভ, কলকাতায় যাকে দাদা নামেই ডাকে সবাই। টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ক সৌরভের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে ২০০৯ সালে। এরপর অবশ্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ বছর আইপিএল নিলামে প্রথমে কোনো দল তার প্রতি আগ্রহ না দেখানোয় ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাচ্ছিলো সফলতম এ বাঙালি ক্রিকেটারের। তবে শেষ মুহূর্তে পুনে ওয়ারিয়র্স তাকে কিনলে এ মৌসুমে চারটি খেলায় অংশ নেন তিনি। খেলোয়াড়ি জীবনে ১১৩টি টেস্টে ৭ হাজারের বেশি রান করেন সৌরভ। এর মধ্যে ১৬টি শতক ও ৩৫টি অর্ধশতক রয়েছে। ৩১১টি এক দিনের আন্তর্জাতিক খেলায় সৌরভের রান ১১ হাজার ৩৬৩। সেঞ্চুরি হাঁকিয়েছেন ২২ বার, অর্ধশতক রয়েছে ৭২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩২০ ঘ.