২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন টেরি জেননার

অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি স্পিনার ও শেন ওয়ার্নের গুরু টেরি জেননার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি স্পিনার ও শেন ওয়ার্নের গুরু টেরি জেননার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। ক্রিকেটার হিসেবে তেমন একটা জনপ্রিয়তা ছিলনা তার। ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত, ৫ বছরের ক্রিকেট জীবনে ৯ টেস্টে ৩১.২০ গড়ে ২৪ উইকেট পেয়েছিলেন তিনি। স্পিনার হলেও ব্যাট খুব একটা খারাপ চলতেন না তিনি। ২৩.১১ গড়ে করেছিলেন ২০৮ রান। একদিনের ম্যাচে মাত্র একবার খেলার সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতে ১২ রান করলেও কোনো উইকেট পাননি। ১৯৭৬ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া টেরি ৯০'র দশকের শুরুর দিকে অ্যাডিলেডের ক্রিকেট একাডেমিতে বোলিং কোচ হিসেবে যোগ দেন। শিষ্য হিসেবে পান শেন ওয়ার্নকে। তার ছায়ায় থেকেই ওয়ার্ন হয়ে ওঠেন সর্বকালের সেরা লেগ স্পিনারদের একজন। ওয়ার্ন ছাড়াও অনিল কুম্বলেকে স্পিন বোলিং নিয়ে অনেক 'টিপস' দিয়েছেন টেরি। ১৯৯৯-২০০০ মৌসুমে অস্ট্রেলিয়ার সফরে এসে ধুঁকতে থাকা কুম্বলে ২০০৩-২০০৪ মৌসুমে টেরির কথামতো বোলিং করে সাফল্যের দেখা পান। ক্রিকেট জীবনের নানা বাঁকে ঝামেলার সম্মুখীন হওয়া ওয়ার্নের পাশে বারবার এসে দাঁড়ান টেরি জেননার। এর মধ্যে ২০০৬ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্ট উল্লেখযোগ্য। সেই টেস্টে ইনিংস বিরতির সময় টেরির কাছ থেকে উপদেশ নেয়ার পর ওয়ার্নের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছিল ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৩০ ঘ.