ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের প্রধান কোচ ডানকান ফ্লেচারের পছন্দের তালিকায় থাকায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ট্রেভোর পেনিকে ভারতের ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পারে।
ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি ক্রিস্টেনের কাছ থেকে দায়িত্ব নেয়া ফ্লেচার ৪২ বছর বয়সী পেনিকে তার 'সাপোর্ট স্টাফ' করতে আগ্রহী।
এর আগেও ফ্লেচারের সঙ্গে কাজ করেছেন পেনি। ২০০৫ সালে ফ্লেচার যখন ইংল্যান্ডের কোচ ছিলেন তখন সংক্ষিপ্ত সময়ের জন্য দলের ফিল্ডিং কোচ ছিলেন পেনি।
পেনি শ্রীলঙ্কায় সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তখন শ্রীলঙ্কার প্রধান কোচ ছিলেন টম মুডি। এছাড়া মুডির সহকারী হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল 'কিংস ইলেভেন পাঞ্জাব' এর সঙ্গেও ছিলেন পেনি।
গত দুই বছর ধরে কোনো ফিল্ডিং কোচকে নিয়োগ দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
৪ জুন থেকে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে। ওই সফরেই দলের সঙ্গে যোগ দিতে পারেন পেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২০ ঘ.
bdnews24