২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারায় দলটি। তখনো হাতে ছিল ২ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারায় দলটি। তখনো হাতে ছিল ২ বল। ফাইনালে হবে ২৮ মে চেন্নাইয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায় চেন্নাই। বিরাট কোহলির অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৭৫ রান করে ব্যাঙ্গালোর। রান তাড়া করতে গিয়ে ১৯ ওভার ৪ বলে জয়ের লক্ষ্য ১৭৬ টপকে ১৭৭ রানে পৌঁছে যায় চেন্নাই। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি দলটির। মাত্র ৭ রানের মধ্যে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইক হাসি (০) ও মুরালি বিজয় (৫)। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে সুরেশ রায়না ও সুব্রামনিয়াম বদ্রিনাথ ৬৩ রান তুলে পথে ফিরিয়ে আনেন দলকে। দলীয় ৭০ রানের মাথায় বদ্রিনাথ ৩৪ রান করে বিদায় নিলেও খেলে যেতে থাকেন রায়না। শেষ পর্যন্ত দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন রায়না। ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৫০ বলের ইনিংসে চারটি ৪ ও ছয়টি ছক্কা রয়েছে। তখন অপর প্রান্তে ২৮ রানে অপরাজিত ছিলেন অ্যালবি মরকেল। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ২৯। ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে জহির খান ২ উইকেট নেন ৩১ রানে। এর আগে ব্যাটিংয়ে নেমে ব্যাঙ্গালোরের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল (৮) রান না পেলেও তা বুঝতে দেননি কোহলি। মাত্র ৪৪ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে। এছাড়া মায়াঙ্ক আগারওয়াল ৩৪, লিউক পোমারব্যাচ ২৯ ও এবি ডি ভিলিয়ার্স ১১ রান করেন। চেন্নাইয়ের বোলারদের মধ্যে ডোগ বোলিঞ্জার, ডোয়াইন ব্রাভো, রবীচন্দ্রন অশ্বিন, সাদাব জাকাতি একটি করে উইকেট নেন। এ জন্য বোলিঞ্জার দেন ২০ রান, ব্রাভো ২৮, অশ্বিন ৩৩ ও জাকাতি ৩৭। এই খেলায় পরাজিত দল ব্যাঙ্গালোর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনালে। পরাজিত দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৭ মে চেন্নাইয়ে। ২৫ মে মুম্বাইয়ে এলিমিনেটরে খেলবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল'র চতুর্থ আসরে অংশ নেয় দশটি দল। দলগুলোর প্রত্যেকে প্রথম পর্বে ১৪টি করে ম্যাচ খেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০১৭ ঘ.