ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন সিমার পারভেজ মাহারুফ। দিলহারা ফার্নান্দো খেলার মতো সুস্থ না থাকায় তার জায়গায় মাঠে নামতে পারেন তিনি।
হাঁটুর ব্যথা বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে ফার্নান্দোকে।
ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন মাহারুফ। ২০০৭ সালের পর কোনো টেস্ট ম্যাচ খেলেননি তিনি।
মিডলসেক্সের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেন মাহারুফ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড় দলের সঙ্গে শুরুতে যোগ দিতে পারেননি বলে মাহারুফকে দলে নেয়া হয়।
শ্রীলঙ্কার অন্য সিম বোলাররা হলেন, নুয়ান প্রদ্বিপ, সুরাঙ্গা লাকমাল, থিসারা পেরেরা ও চানাকা ওলেগেদারা।
২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০টি টেস্ট ম্যাচ খেলেন মারুফ। এছাড়া ২০০৯ সালের প্রথম দিক পর্যন্ত দেশটির একদিনের দলের নিয়মিত সদস্যও ছিলেন তিনি।
পরে চোট ও অ্যাঞ্জেলো ম্যাথিউস দলে সুযোগ পাওয়ায় তিনি জাতীয় দলের বাইরে চলে যান। ২০১০ সালের এশিয়া কাপের দলে নেয়া হয় মাহারুফকে। এরপর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি।
কার্ডিফে ২৬ মে শুরু হবে প্রথম টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩৯ ঘ.
bdnews24