ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৌফিক ওমরের অপরাজিত ৯৭ রানের সুবাদে দ্বিতীয় টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে পাকিস্তান। তৃতীয় দিন দ্বিতীয় পালায় ২০২ রান করেছে ৩ উইকেটে।
ফলে দলটি এগিয়ে আছে ২৫১ রানে। হাতে আছে ৭ উইকেট।
এক প্রান্তে ব্যাট করছেন উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক ওমর। অন্য প্রান্তে অধিনায়ক মিসবাহ-উল-হক অপরাজিত রয়েছেন ১৩ রানে।
ব্যাট করতে নেমে তৌফিক ও মোহাম্মদ হাফিজ ৮২ রানের শক্ত ভিত্তি ভিত্তি গড়ে দেন দলকে। হাফিজ ৩২ রান করে বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেন তৌফিক। তার হার না মানা ২৩১ বলের ইনিংসে চার রয়েছে ১০টি।
দ্বিতীয় উইকেট জুটিতে তৌফিক ও আজহার আলী ৭৬ রান তুলে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। অর্ধশতকে পৌঁছার পরপর ৫৩ রান করে আজহার বিদায় নিলেও অবিচল ছিলেন তৌফিক। দলের রান তখন ১৫৮।
৯ রান পর আসাদ শফিককে হারিয়ে দিনের শেসদিকে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। প্রথম পালার মতো দ্বিতীয় পালাতেও শফিকের ব্যাট হাসেনি। রান করেন ৪। তবে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে তৌফিক ও মিসবাহ দিনের বাকি সময় নিরাপদে পার করে দেন। দলের সঙ্গে যোগ করেন তারা ৩৫।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ, ড্যারেন সামি ও দেবেন্দ্র বিশু একটি করে উইকেট নেন।
এর আগে ৮ উইকেটে ১৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। শেষ ২ উইকেটে দলের সঙ্গে যোগ করে ৩৯ রান।
নবম উইকেট জুটিতে রোচ ও রবি রামপল করেন ৬০ রান। দলীয় ২১৮ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে রোচ (২৯) বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রামপল। ৭৭ বলে ৩২ রান করেন তিনি। দিনের খেলা শুরু করেছিলেন রোচ ১০ ও রামপল ১৫ রান নিয়ে।
পাকিস্তানের প্রথম পালার ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২২৩।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৫ ঘ.
bdnews24