ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয়বারের প্রচেষ্টায় মাউন্ট এভারেস্টে উঠলেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার অ্যাডাম পেরোরে।
এর আগে প্রথমবার অনেকদূর এগিয়েও খারাপ আবহাওয়ার জন্য পিছিয়ে যেতে বাধ্য হন। তবে এবার আর হার মানেননি। অসীম ধৈর্য নিয়ে ঠিক পৌঁছান নিজের লক্ষ্যে। তবে অক্সিজেনের অভাবে ভোগায় বেশিক্ষণ থাকেননি উপরে।
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উঠার পথে কোনো বাঁধাই তাকে দমাতে পারেনি। বেশ কয়েকবার অক্সিজেনের অভাবে পড়লেও থেমে যাননি তিনি।
৪০ বছর বয়সী পেরোরে নিউজিল্যান্ডের হয়ে খেলেন ৭৮টি টেস্ট ও ১৭৯টি একদিনের ম্যাচ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেরোরে রোববার পা রাখেন এভারেস্ট চূড়ায়।
"আমি সেখানে ২০ মিনিট কিংবা ৩০ মিনিটের মতো ছিলাম। বেশ কয়েকটি ছবি তোলেছি। কিন্তু দ্রুত নেমে পড়েতে চেয়েছিলাম। নিচে নামার জন্য আমার সামনে দীর্ঘ পথ অপেক্ষা করছিল। আমার অনেক পরিকল্পনা ছিলো। উপরে কি করবো না করবো কত কী ভেবে রেখেছিলাম। কিন্তু উঠার সব কেমন যেন গুলিয়ে গেলো।"
উপরে উঠার পর পেরোরের ভাবনা জুড়ে ছিলো নিচে নেমে যাওয়া। এভারেস্ট থেকে নেমে পেরোরে বলেন, "আমি শুধু নিচে নামতে আর বেঁচে থাকতে চেয়েছিলাম।"
এভারেস্টে অক্সিজেনের অভাবে বেশ ভোগেন পেরোরে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে ভোগায় এমনটা করা ছিলো অবধারিত।
নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটে পেরোরে বলেন, "আমি কঠোর পরিশ্রম করেছি। এখানে ছোট ব্যাপারগুলোও অনেক বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এটা এমন একটা ব্যাপার যা এর আগে আমি কখনোই করিনি।"
এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছার পর পেরোরে কথাই বলতে পারছিলেন না। সর্দি তাকে প্রায় ঘায়েল করে ফেলেছিলো এবং শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো।
পেরোরে কৃতজ্ঞতা জানিয়েছেন তার শেরপাকে। বলেছেন, "এভারেস্টে সেই আমাকে বাঁচিয়ে রাখে। একজন পুরোনো বন্ধুর মতো পুরোটা পথ সে আমার পিছনে থেকেছে। পিছন থেকে ঠেলে দিয়ে অনেক সময়ই আমাকে সচল রেখেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০০২ ঘ.
bdnews24