ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এটি ছিল প্রথম পর্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ খেলা।
১৪ খেলায় এটি মুম্বাইয়ের নবম জয়। সমান খেলায় এটি কলকাতার ষষ্ঠ হার। ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৮ পয়েন্ট নিয়ে রাট রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। ১৮ পয়েন্ট মুম্বাইয়েরও। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা।
আইপিএল'র ৭০তম খেলায় রোববার কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার।
ব্যাট করতে নেমে জ্যাক ক্যালিসের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৭৫ রান করে কলকাতা। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ১৭৬ ছাড়িয়ে ১৭৮ রানে পৌঁছে যায় মুম্বাই।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও শচীন টেন্ডুলকার ও হরভজন সিংয়ের ব্যাটিং মুম্বাইকে লড়াইয়ে ফেরায়। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দলের সঙ্গে যোগ করেন ৫৭। দলীয় ৭০ রানের মাথায় হরভজন (৩০) বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেন শচীন।
৯৬ রানের মাথায় শচীনের বিদায়ের পরও হাল ছাড়েনি মুম্বাই। পঞ্চম উইকেট জুটিতে কিয়েরন পোলার্ড ও জেমস ফ্রাঙ্কলিন ৪১ রান তুলে পথেই রাখেন দলক। ১৩৭ রানের মাথায় পোলার্ড (১৮) বিদায় নিলে ফ্রাঙ্কলিন ও আম্বতি রাইয়ুডু খেলে যেতে থাকেন। শেষ বলে দরকার ছিল ৪ রান। গ্যালারিতে বল পাঠিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাইয়ুডু।
শেষ পর্যন্ত ফ্রাঙ্কলিন ৪৫ ও রাইডু ১৭ রানে অপরাজিত ছিলেন। ফ্রাঙ্কলিন তার ২৩ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ১টি ছক্কা দিয়ে।
কলকাতার পক্ষে রজত ভাটিয়া ৩ উইকেট নেন ২২ রানে।
এর আগে কলকাতাকে লড়াইয়ের পুঁজি এনে দেন জ্যাক ক্যালিস। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৫৯। তার ৪২ বলের ইনিংসে রয়েছে ৪টি চার ও ৩টি ছয়।
এছাড়া ইউসুফ পাঠান ৩৬ ও মনোজ তিওয়ারি ৩৫ রান করেন। শুরুতে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়লেও ক্যালিস, তিওয়ারি ও ইউসুফের ভালো ব্যাটিংয়ে কলকাতা লড়াইয়ে ফেরে।
মুম্বাইয়ের পক্ষে আবু আহমেদ ও ফ্রাঙ্কলিন ২টি করে উইকেট নেন। এ জন্য আহমেদ দেন ৩২ রান। ফ্রাঙ্কলিন ৩৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০৩৩ ঘ.
bdnews24