২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজে জিতে শীর্ষে ব্যাঙ্গালোর

চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৪ খেলায় এটি ব্যাঙ্গালোরের নবম জয়। সমান খেলায় এটি চেন্নাইয়ের পঞ্চম হার। ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৯তম খেলায় রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ব্যাট করতে নেমে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১২৮ রান করে চেন্নাই। জবাবে ক্রিস গেইলের হার না মানা অর্ধশতকের সুবাদে ১৮ ওভারে ২ উইকেটে জয়ের লক্ষ্য ১২৯ রানে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তখনো হাতে ছিল ১২ বল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই এবি ডি ভিলিয়ার্সকে হারায় ব্যাঙ্গালোর। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি (৩১) ও গেইল ৮০ রান তুলে দলের অবস্থা সুসংহত করেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৪৯ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গেইল ও সৌরভ তিওয়ারি। শেষ পর্যন্ত গেইল ৭৫ ও তিওয়ারি ১৩ রানে অপরাজিত ছিলেন। গেইল তার ৫০ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ৬টি ছক্কা দিয়ে। চেন্নাইয়ের পক্ষে ১টি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন ও অ্যালবি মরকেল। এর আগে চেন্নাইয়ের পক্ষে একাই লড়ে যান মহেন্দ্র সিং ধোনি। ৬ নম্বর ব্যাটসম্যান ধোনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭০ রানে। তার ৪০ বলের ইনিংসে রয়েছে ৩টি চার ও ৬টি ছয়। এছাড়া ঋদ্ধিমান সাহা করেন ২২। চেন্নাইয়ের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই সাজঘরে ফিরে যান। ব্যাঙ্গালোরের ভেট্টোরি, জহির খান ও শ্রীনাথ অরবিন্দ ২টি করে উইকেট নেন। এজন্য ভেট্টোরি দেন ১৫ রান। জহির ১৯ ও অরবিন্দ ২০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১২৮ ঘ.