ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন ইয়ন মর্গান ও স্টিভেন ফিন। বাদ পড়েছেন রবি বোপারা।
পল কলিংউড না থাকায় ৬ নম্বর জায়গাটি পূরণের জন্য রবি বোপারার নাম বেশি শোনা যাচ্ছিল। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি খেলায় ইংল্যান্ড লায়ন্সের হয়ে প্রথম পালায় ১৯৩ রান করে বোপারাকে পেছনে ফেলে এগিয়ে যান মর্গান। খেলায় বোপারা করেন মাত্র ১৭।
মর্গানকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচক জিওফ মিলার বলেন, "এসেক্সের হয়ে বোপারা অনেক রান করেছেন, এ কথা ঠিক। কিন্তু ইয়ন তার ইনিংসটির জন্যই দলে সুযোগ পেয়েছেন। ওই ইনিংসটির মধ্য দিয়ে তিনি (মর্গান) তার সামর্থ্য মেলে ধরেছেন।"
গত গ্রীষ্ম থেকে ছয়টি টেস্ট খেলেন মর্গান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে পল কলিংউডকে বিশ্রাম দেয়া হলে তার জায়াগায় দেখা যায় মর্গানকে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ইয়ান বেল চোটের কারণে খেলতে না পারলে আবারো সুযোগ পান মর্গান।
এই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগান তিনি। শতক হাঁকান প্রথম টেস্টে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছিলেন মর্গান। দেশে ফিরে যান গত শনিবার।
প্রথম টেস্ট কার্ডিফে শুরু হবে ২৬ মে।
দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, ইয়ন মর্গান, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট, জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২১ ঘ.
bdnews24