২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজশাহী

চূড়ান্ত খেলায় ময়মনসিংহকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩১তম আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চূড়ান্ত খেলায় ময়মনসিংহকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩১তম আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাজশাহী। এর আগে ২০০২-০৩ সালেও বাংলাদেশ বিমানের সঙ্গে যুগ্মভাবে এ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। তবে এবার আর কাউকে শিরোপার ভাগ দিতে হচ্ছে না তাদের। অন্যদিকে এবারই প্রথম চূড়ান্ত খেলায় অংশ নিল ময়মনসিংহ। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ইশারুল ইসলাম কানন ও সাব্বির রহমানের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ২৬৯ রান করে রাজশাহী। জবাবে আরাফাত সালাহউদ্দিনের অর্ধশতকের পরও ৪৪ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় ময়মনসিংহ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে বিপদে পড়ে ময়মনসিংহ। এক পর্যায়ে ১৭ ওভার ৫ বলে ৬১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ময়মনসিংহ। প্রথম ছয় ব্যাটসম্যানের দু'জন পৌঁছান দু'অঙ্কের কোঠায়। দুজন ফেরেন রানের খাতা খোলার আগেই। মাহমুদুল্লাহ রিয়াদ ও আরাফাত সপ্তম উইকেটে ৫১ রান যোগ করে দলকে খেলায় ফেরানোর আভাস দেন। কিন্তু দলীয় ১১২ রানের মাথায় রিয়াদ (৩৪) বিদায় নিলে ময়মনসিংহের লড়াই করার সম্ভাবনাও শেষ হয়ে যায়। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে আরাফাত করেন ৫০ রান। তার ৭৮ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। রাজশাহীর পক্ষে ম্যাচ সেরা সাব্বির ৩ উইকেট নেন ২৯ রানে। এর আগে মাঝসারির ব্যাটসম্যাদের ভালো ব্যাটিংয়ে ময়মনসিংহের বিপক্ষে বড় স্কোর দাঁড় করায় রাজশাহী। ১৬তম ওভারে ৬২ রানের মধ্যে দলের প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলেও ময়মনসিংহের বোলারদের চেপে ধরার কোনো সুযোগ দেননি তারা। চতুর্থ উইকেটে ৮৩ রান যোগ করে সাব্বির ও শাহরিয়ার ইসলাম দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন সাব্বির, দলীয় ১৪৫ রানে বিদায় নেয়ার আগে করেন ৫৪ রান। তার ৬৫ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছয় রয়েছে। ৯ রান পর তাকে অনুসরণ করেন শাহরিয়ার (৪০)। 'সেট' দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলেও রাজশাহীর রান তোলার গতি কমেনি বরং বেড়েছে। ষষ্ঠ উইকেটে ইশারুল ও হাবিবুর রহমান যোগ করেন ১১০ রান। শেষ ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ইশারুল করেন ৬৮ রান। তিনি তার ৫৭ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছয় দিয়ে। শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত ছিলেন হাবিবুর। তার ৪২ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছয় রয়েছে। ময়মনসিংহের পক্ষে আরাফাত ও জাকির ২টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৯ ঘ.