ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌরভ গাঙ্গুলীকে খোঁচা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তিনি বলেন, ভারতের সাবেক অধিনায়ককে ছাড়াই তার দল ভালো খেলছে।
কলকাতার পক্ষ থেকে সৌরভকে খেলার প্রস্তাব দেয় হয় বলে জানিয়ে তিনি বলেন, কিন্তু পছন্দ না হওয়ায় সৌরভ তা ফিরিয়ে দেন।
পরে পুনা ওয়ারিয়র্সে যোগ দেন সৌরভ। চোটের কারণে আশীষ নেহরা খেলতে না পাড়ায় সৌরভকে দলে নেয়া হয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরুর আগে কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর বলেন, "আমরা সৌরভকে দলের পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেই। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।"
সৌরভের অধিনায়কত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তোলেননি শাহরুখ। তবে তিনি বলেন, অধিনায়কত্ব ছাড়াও আগের আসরগুলোতে ভালো না করার একাধিক কারণ রয়েছে।
শাহরুখ বলেন, "এবার আমরা ভালোভাবে শুরু করতে চেয়েছি। তাই দলের লাগাম তুলে দেই আমাদের 'কোচিং স্টাফ'দের হাতে। তারা তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করছেন। দলও ভালো করছে।"
কিছুটা কূটনৈতিক কায়দায় শাহরুখ বলেন, "'দাদা' আমার প্রিয় খেলোয়াড়। তার জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করছি পুনা ওয়ারিয়র্সের হয়ে তিনি ভালো করবেন। তবে আমাদেরও তো এগিয়ে যেতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩৭ ঘ.
bdnews24