ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদিকে সরিয়ে টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতেই একদিনের দলের লাগাম তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আয়ারল্যান্ডের বিপক্ষে এ মাসের শেষ দিকে দুই ম্যাচের একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিসবাহ। অধিনায়কত্ব হারালেও ১৬ সদস্যের দলে রাখা হয়েছে আফ্রিদিকে। খেলা দু'টো হবে ২৮ ও ৩০ মে।
আফ্রিদিকে সরিয়ে দেয়ার কারণ ব্যাখ্যা করেনি পিসিবি। চেয়ারম্যান ইজাজ বাটও এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।
অধিনায়ক হিসেবে আফ্রিদিকে সফলই বলা চলে। ৩৪ খেলায় নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৮টাতে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের শেষটাতে সেরা একাদশ নির্বাচন নিয়ে কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আফ্রিদি ওয়াকারের বিরুদ্ধে দল নির্বাচনে অনাহূত হস্তক্ষেপের অভিযোগ তোলেন।
বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সময় বিরোধ দেখা দেয় দু'জনের মধ্যে। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মিসবাহকে দেখতে চেয়েছিলেন ওয়াকার। এরপর আফ্রিদি ও ওয়াকারের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ে।
আফ্রিদির সঙ্গে বোর্ডেরও দূরত্ব বাড়ছে। দেশে ফিরে ফোনে পিসিবি প্রধানের সঙ্গে কথা বললেও তার সঙ্গে দেখা না করে একটি প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেছেন আফ্রিদি।
দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, তৌফিক ওমর, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, আজহার আলী, শহিদ আফ্রিদি, মোহাম্মদ সালমান, সাঈদ আজমল, আব্দুর রেহমান, উমর আকমল, উমর গুল, ওয়াহাব রিয়াজ, তানভীর আহমেদ, জুনায়েদ খান ও হামাদ আজম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৩২ ঘ.
bdnews24