২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিকে হারিয়ে শীর্ষে চেন্নাই

কোচি টার্স্কার্স কেরালাকে ১১ রানে হারিয়ে শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচি টার্স্কার্স কেরালাকে ১১ রানে হারিয়ে শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। ১৩ খেলায় এটি চেন্নাইয়ের নবম জয়। ১৮ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য্যঙ্গালোরকে পেছনে ঠেলে শীর্ষে উঠে এসেছে চেন্নাই। সমান খেলায় ব্যাঙ্গালোরের সংগ্রহ ১৭ পয়েন্ট। অন্যদিকে ১৪ খেলায় এটি কোচির অষ্টম পরাজয়। ১২ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ষষ্ঠ স্থানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৪তম খেলায় বুধবার চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই ৫ উইকেটে ১৫২ রান করে। জবাবে ব্র্যাড হজের অর্ধশতকের পরও ৫ উইকেটে ১৪১ রানে থামে কোচির ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে কোচির প্রায় সব ব্যাটসম্যান শুরু করলেও কেউই নিজেদের ইনিংসকে সেভাবে বড় করতে পারেননি। বেশি উইকেট না হারালেও চেন্নাইয়ের আঁটোসাটো বোলিংয়ের কারণে রান তোলার গতি বাড়াতে পারেনি দলটি। শেষ দিকে হজ ও রবীন্দ্র জাদেজা একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তারা পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। হজ শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত ছিলেন। তার ৪২ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছয় রয়েছে। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ৩৩, জাদেজা ১৯ রান করেন। চেন্নাইয়ের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন, ডোগ বোলিঞ্জার, সাদাব জাকাতি ও ডোয়াইন ব্র্যাভো একটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহার অপরাজিত ৪৬ রানে সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে চেন্নাই। তিনি তার ৩৩ বলের ইনিংস সাজান ১টি চার ও ৩টি ছয় দিয়ে। চেন্নাইয়ের সাত ব্যাটসম্যানের ছয় জনই পৌঁছেন দু'অঙ্কে। নিজেদের ইনিংস সেভােেব বড় করতে না পারলেও তাদের ছোট ছোট সংগ্রহে ১৫২ পর্যন্ত যেতে পারে দলটি। দলের পক্ষে মাইক হাসি ৩২, সুরেশ রায়না ১৯ রান করেন। কোচির পক্ষে জাদেজা ২ উইকেট নেন ২৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.