২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের শুভেচ্ছা জানালেন গিবসন

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৪০ রানে হারানোয় ওয়েস্ট ইন্ডিজ দলকে শুভেচ্ছা জানিয়েছেন কোচ ওটিস গিবসন। প্রায় দুই বছর পর টেস্ট ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৪০ রানে হারানোয় ওয়েস্ট ইন্ডিজ দলকে শুভেচ্ছা জানিয়েছেন কোচ ওটিস গিবসন। প্রায় দুই বছর পর টেস্ট ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। শেষবার ২০০৯ সালে সাবিনা পার্কে ইংল্যান্ডকে হারিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। এর পর ১৭টি টেস্ট ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি তারা। 'লো-স্কোরিং' ওই ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটম্যানরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন বলে মনে করেন গিবসন। বলেন, "প্রথম দিন ব্যাট করার পরই আমরা বুঝতে পেরেছিলাম এখানে ব্যাট করা কতটা কঠিন হবে। ব্যাটসম্যানরা আমাকে দেখিয়েছে যে তারা বুঝতে পেরেছে এখানে কি হতে যাচ্ছে।" ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শেষ জুটিতে তোলা ৪৮ রানই দলকে জয় এনে দিয়েছে বলে মনে করেন গিবসন। তিনি বলেন, "শিবনারায়ন চন্দরপলের সঙ্গে দেবেন্দ্র বিশুর ওই জুটির কারণেই আমরা পাকিস্তানকে ২০০ ছাড়ানো জয়ের লক্ষ্য দিতে পেরেছি।" ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি ৭ উইকেট নিয়ে ওই ম্যাচে সেরা খেলোয়াড় হন। গিবসনের মতে সামির নৈপুণ্যও ওয়েস্ট ইন্ডিজের জন্য ইতিবাচক দিক। তিনি বলেন, "চাপের মধ্যে থেকে সামি যে নৈপুণ্য দেখিয়েছে তার পুরো কৃতিত্বের দাবীদার সে নিজেই। সে নিজের কাজটা ঠিকঠাক মতই করেছে। সে দায়িত্বের ব্যাপারে সৎ ও কঠোর পরিশ্রমী।" এছাড়া রবি রামপল ও বিশুরও প্রশংসা করেছেন কোচ। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে পাওয়া এই জয় দল দারুণ উপভোগ করছে বলে জানান গিবসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৫৭ ঘ.