ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটকে এগিয়ে নেয়ার জন্য সঠিক নেতৃত্ব দরকার বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু।
বিসিবি'র টুর্নামেন্ট কমিটির ভাইস-চেয়ারম্যান লিপু বলেন, "সঠিক লোকজন নেতৃত্বে আছেন কি না, তা অবশ্যই একটা বড় ব্যাপার।" সঠিক নেতৃত্ব না থাকলে এগোনো কঠিন বলে তিনি জানান।
লিপু বলেন, এমন ব্যাপার ঘটতে পারে ময়মনসিংহের ক্রিকেটে। সে কারণে সেখানে এ বছর লিগ হচ্ছে না। এমন কি ক্লাব কাপেও ছিল না তাদের কোনো প্রতিনিধি।
"ক্রিকেটের জন্য ময়মনসিংহ খুবই গুরুত্বপূর্ণ জেলা। এ জেলা নিয়ে বিসিবি'র বড় পরিকল্পনা রয়েছে। অনেক ক্রিকেটার এখান থেকে উঠে এসেছে। সমৃদ্ধ অতীত রয়েছে এ জেলার," বলেন তিনি।
লিপু বলেন, "জেলায় লিগ হচ্ছে না কিনা, তা দেখা আমাদের কাজ নয়। তবে আমরা খোঁজ খবর রাখছি। নিয়ম অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে প্রতিটি জেলায় লিগ হওয়ার কথা। কিন্তু হাতে গোনা কয়েকটি জেলা ছাড়া কোথাও হচ্ছে না।"
কয়েকদিন আগেই হয়ে গেল দ্বিতীয় ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। এতে অংশ নেয়ার কথা দেশের সব জেলার লিগ চ্যাম্পিয়ন দলের। এবার অংশ নেয় ৪৬টি দল। এর মধ্যে ছিল না ময়মনসিংহের লিগ চ্যাম্পিয়ন রেঁনেসা ক্লাব।
এ প্রসঙ্গে লিপু বলেন, "ময়মনসিংহ চ্যাম্পিয়ন রেঁনেসা এবার প্রতিযোগিতায় অংশ নেয়নি। শেষ মুহূর্তে তারা অংশ নিতে অপরাগতা প্রকাশ করে।" একে এক ধরনের সাংগঠনিক সীমাবদ্ধতা বলে অভিাহিত করেন তিনি।
বারবার তাগিদ দেয়ার পরও ময়মনসিংহে লিগ না হওয়ায় বিভাগীয় কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাকা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, নাঈমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার সুমন। সে সময় তারা এ ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেন।
বিসিবি পরিচালক বলেন, জেলা প্রশাসক এ ব্যাপারে জেলার ক্রিকেট সংগঠকদের তার নির্দেশনা দিয়েছেন। তবে বৃষ্টি ও টাকার কথা বিবেচনা করে এ বছরের লিগ অক্টোবরে ও ফ্রেব্র"য়ারিতে আগামী বছরের লিগ আয়োজন করতে চায় ময়মনসিং।
কিন্তু এক পঞ্জিকা-বর্ষে দু'টো লিগ আয়োজনের বিপক্ষে বিসিবি। এ ব্যাপারে লিপু বলেন, "এক পঞ্জিকা-বর্ষে দু'টো লিগ হোক তা আমরা চাই না।" ক্লাবগুলোকে টাকা পয়সার ব্যাপারে আশ্বস্ত করার জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানন।
তিনি বলেন, "ক্লাবগুলো প্রিমিয়ার ডিভিশনে 'রেলিগেশন' ছাড়া খেলতে চায়। 'রেলিগেশন' ছাড়া লিগ আয়োজন করা ঠিক নয়। আমরাও চাই না।" রেলিগেশনসহ লিগে অংশ নেয়ার জন্য তিনি ক্লাবগুলোর প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২০ ঘ.
bdnews24