ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪০ রানে হেরে গেছে পাকিস্তান।
গায়ানায় জেতার জন্য চতুর্থদিন চতুর্থ পালায় ৭ উইকেটে পাকিস্তানের দরকার ছিল ১৩৯ রান। কিন্তু ৯৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
তৃতীয়দিন ৭৮ রানের জুটি গড়ে অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক পাকিস্তানকে পথে ফেরান। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যও ছিল চতুর্থদিন যত তাড়াতাড়ি সম্ভব এই জুটি ভাঙা। দলের পেসার রবি রামপল এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "এই জুটি ভাঙতে পারলেই কাজ হয়ে যাবে।"
সকালে ঠিক এই কাজটি করেনও তিনি। দলীয় ৮৩ রানের মাথায় ফিরিয়ে দেন শফিককে (৪২)। আগের তিন ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি।
পঞ্চম উইকেট জুটিতে মিসবাহ ও উমর আকমল ৫২ রান তুলে দলকে নিয়ে যান বেশ ভালো অবস্থানে। কিন্তু দলীয় ১৩৫ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মিসবাহ (৫২) বিদায় নিলে আবারো পথ হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর পথে ফেরা আর হয়ে ওঠেনি তাদের।
উমর একা লড়াই করার চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে তেমন কোনো সহায়তা মেলেনি। ফলে ৭৩ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। আকমল নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৪৭।
মিসবাহর সাজঘরে ফেরার পর পাকিস্তান বাকি ৫ উইকেটে তোলে মাত্র ৩৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক ড্যারেন সামি ৫ উইকেট নেন ২৯ রানে। রামপল ৪ উইকেট নেন ৪৮ রানে।
এর আগে প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজের ২২৬ রানের জবাবে পাকিস্তান করে ১৬০। দ্বিতীয় পালায় ওয়েস্ট ইন্ডিজ করে ১৫২ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮১১ ঘ.
bdnews24