ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি ডেয়ারডেভিলসকে ২৯ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
১২ খেলায় এটি পাঞ্জাবের ষষ্ঠ জয়। এর ফলে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থানকে সরিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। নিঃশ্বাস ফেলছে কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে। ১২ খেলায় তাদের পয়েন্ট ১৪। সমান খেলায় রাজস্থানের পয়েন্ট ১১। অন্যদিকে পয়েন্ট তালিকায় সব দলের নিচে রয়েছে দিল্লি। ১৩ খেলায় দলটির পয়েন্ট ৮।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬০তম খেলায় রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক জেমস হোপ।
ব্যাট করতে নেমে পল ভালথাটির অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৭০ রান করে পাঞ্জাব। জবাবে ৮ উইকেটে ১৪১ রানে থেমে যায দিল্লির ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির হয়ে যা একটু লড়াই করেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান নামান ওঝা ও ডেভিড ওয়ার্নার। ১০ ওভারের মধ্যে ৬৭ রানে এ দু'জন বিদায় নিলে ধীরে ধীরে ম্যাচ থেকে দূরে সরে যায় দিল্লি।
ওয়ার্নার ২৯ ও ওঝা ২৮ রান করেন। পরের দিকের ব্যাটসম্যানরা শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। বেনুগোপাল রাও ১৬ ও ট্র্যাভিস ব্রিট ১০ রান করেন। এছাড়া মর্নে মরকেল ১৬ রানে অপরাজিত থাকেন।
পাঞ্জাবের পক্ষে পিযুষ চাওলা ৩ উইকেট নেন ১৬ রানে।
এর আগে শুরুতে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টকে হারালেও পাঞ্জাবকে লড়াইয়ের পুঁজি এনে দেন ভালথাটি ও শন মার্শ। এ দু'জন দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ১০২ রান। ইরফান পাঠানের জোড়া আঘাতে খেলার ১৫তম ওভারে দু'জনই ফেরেন সাজঘরে। দলের রান তখন ১২৩।
ভালথাটি করেন ৬২ রান। তার ৫০ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি চার রয়েছে। মার্শ করেন ৪৬ রান। তিনি তার ২৮ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩টি ছক্কা দিয়ে।
এই দু'জনের বিদায়ের পর দলকে বড় রানের দিকে নিয়ে যান দিনেশ কার্তিক (২৭) ও মানদীপ সিং (১১)।
পাঞ্জাবের পক্ষে ইরফান ৩ উইকেট নেন ২৮ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪৩ ঘ.
bdnews24