ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটির সঙ্গে সুর মিলিয়ে প্রতিটি টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিএ বলেছে, ভারতের বিরোধীতার পরও জুনে আইসিসির নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (আরডিএস) পক্ষে মত দেবে তারা।
লর্ডসে বুধবার কমিটির দু'দিনের সভা শেষে আইসিসির নির্বাহী কমিটির অনুমোদনের জন্য বেশ কয়েকটি প্রস্তাব নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি। এসব প্রস্তাবের একটি হচ্ছে প্রতিটি টেস্টে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (আরডিএস) চালু করা।
পরদিনই এর বিরোধীতা করে ভারত। অবশ্য অনেকদিন ধরেই আরডিএস ব্যবহারের বিপক্ষে কথা বলে আসছে ভারত।
ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি নারায়ণস্বামী শ্রীনিবাসন বলেন, আইসিসির নির্বাহী কমিটির সভায় এই প্রস্তাবের বিপক্ষে শক্ত অবস্থান নেবেন তারা। ক্রিকেট কমিটির পস্তাব কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী কমিটির অনুমোদনের প্রয়োজন হয়।
মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়ার দু'দিনের সভা শেষে বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, "আমি মনে করি আরডিএসের প্রতি জোরালো সমর্থন জানানো দরকার।" বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজে দু'দলের বোঝাপড়ার ভিত্তিতে আরডিএস ব্যবহার করা হয়ে থাকে।
ভারতের সঙ্গে মত-বিরোধ নিরসনে গত অ্যশেজ সিরিজে আরডিএসের ব্যবহার দেখার জন্য অস্ট্রেলিয়ায় ভারতের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানায় আইসিসি। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ইয়ান বেলের এলবিডব্লিউয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে আইসিসি-বিসিসিআই মত পার্থক্য চরমে উঠে। পপিং ক্রিজ থেকে আড়াই মিটারেরও বেশি সামনে প্যাডে বল আঘাত হানে বলে বেল এলবিডব্লিউয়ের হাত থেকে বেঁচে যান। ঠিক একইভাবে পাকিস্তানের বিপক্ষে আরডিএস বাঁচিয়ে দেয় শচীন টেন্ডুলকারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৪৪ ঘ.
bdnews24