ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রিস গেইল ও জেরোম টেলরের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
আইপিএলে অংশ নেয় ওয়েস্ট ইন্ডিজের এই দুই ক্রিকেটার দাবি করেন তাদের চোট ও সুস্থ হয়ে উঠার ব্যাপারে বোর্ড সেভাবে খোঁজ নেয়নি।
এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, "এই দুই ক্রিকেটার বোর্ড নিয়োজিত থেরাপিস্টদের চূড়ান্ত ছাড়পত্র না নিয়েই একতরফাভাবে খেলছেন।"
জ্যামাইকায় স্থানীয় বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে গেইল অভিযোগ করেন বিশ্বকাপ পরবর্তী সময়ে তার চোট নিয়ে কোন খোঁজ নেয়নি বোর্ড। তার কাছে এর চেয়েও বড় বিস্ময় হয় আসে পাকিস্তানের বিপক্ষে একদিনের দলে না থাকা।
টেলর ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার চোটের ব্যাপারে বোর্ড কোনো খোঁজ নেয়নি। তিনি আইপিএলে যোগ দেয়ার পর বোর্ডের টনক নড়ে।
এদিকে দুই ক্রিকেটারের অভিযোগের পর তাদের চোট পুনরুদ্ধারের ব্যাপারে বোর্ডের নেয়া পদক্ষেপ ও সময় সীমা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
"কোনো ছাড় না নিয়েই গেইল ভারত চলে যান। সম্পূর্ণ সুস্থ হতে তাকে নিয়ে যতটা কাজ করা প্রয়োজন ছিলো ততটা করা যায়নি। তাছাড়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষাও দেননি তিনি।"
এ সময় তারা ওয়েস্ট ইন্ডিজের ফিজিও সিজে ক্লার্কের সঙ্গে গেইলের বার্তাও প্রকাশ করে। এগুলো ২৪ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যকার।
আর টেলর সম্পর্কে বলা হয়, "খেলার সিদ্ধান্ত নেয়ার পর টেলর ফিজিও'র সঙ্গে যোগাযোগ রাখেন নি। তিনিও পুরোপুরি সুস্থ হওয়ার আগে আইপিএলে যোগ দেন। চিকিৎসা ছাড়পত্র নেননি তিনিও।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪০ ঘ.
bdnews24