২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত যাচাইয়ের বিপক্ষে ভারত

প্রতিটি টেস্টে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (আরডিএস) চালুর পক্ষে আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশের বিরোধীতা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিটি টেস্টে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (আরডিএস) চালুর পক্ষে আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশের বিরোধীতা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সম্পাদক নারায়নস্বামী শ্রীনিবাসন বলেছেন, আইসিসির প্রধান নির্বাহীদের সভায় এই সুপারিশের বিপক্ষে শক্ত অবস্থান নেবে ভারত। ক্রিকেট কমিটির সুপারিশগুলো কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী কমিটি ও বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। "ক্রিকেট কমিটি একটি উপ-কমিটি মাত্র। এরা কেবল সুপারিশ করতে পারে, গ্রহণ-বর্জন নির্বাহী কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করে। সে সময় আমরা এর তীব্র বিরোধীতা করবো। আরডিএসের বর্তমান অবস্থা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।" বিশ্বকাপ চলাকালে আরডিএস নিয়ে বেশ ক'বার আইসিসি এবং বিসিসিআই কথার যুদ্ধে জড়িয়ে পড়ে। বিসিসিআই আরডিএসের বিপক্ষে দাঁড়ালেও আইসিসির অবস্থান পর্যালোচনা পদ্ধতির পক্ষে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান ক্লাইভ লয়েড বলেছেন, তারা চান ক্রিকেটের তিনটি ফরম্যাটেই আরডিএস চালুর হোক। এতে আত্মবিশ্বাস তৈরি হওয়ার পাশাপাশি আম্পায়ারদের সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহায়তা করবে। লর্ডসে বুধবার কমিটির দু'দিনের সভা শেষে আইসিসির নির্বাহী কমিটির অনুমোদনের জন্য বেশ কয়েকটি প্রস্তাব দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি। তার একটি হচ্ছে প্রতিটি টেস্টে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (আরডিএস) চালু করা। এসব প্রস্তাব নিয়ে নির্বাহী কমিটিসহ সংশ্লিষ্ট বোর্ড আইসিসির হংকং সভায় আলোচনা করবে। এই সভা হবে জুনের ২৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩১টি টেস্টে আরডিএস ব্যবহার করা হয়। এতে প্রতি ইনিংসে দু'বার আম্পায়ারের সিদ্ধান্ত যাচাই করে দেখার সুযোগ পায় দলগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩৮ ঘ.