ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিলামের সময় উপেক্ষা করার জবাব কড়ায়-গন্ডায় ঝুঝিয়ে দিচ্ছেন ক্রিস গেইল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দু'বার উপেক্ষা করা হয় ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানকে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনও খারাপ করেন না গেইল। ছোট পরিসরের ক্রিকেটে একাই পাল্টে দিতে পারেন খেলার চিত্র। সেই গেইলকে দু'বার দলে নেয়ার সুযোগ পেয়েও কাজে লাগায়নি আইপিএলের কোনো দল।
ডার্ক ন্যানসের চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে দলে নেয়। এ পর্যন্ত খেলেছেন পাঁচ খেলায়। শতক হাঁকিয়েছেন দু'টো। ৮২ গড়ে রান করেছেন ৩২৮। স্ট্রাইক রেটও চমকে দেয়ার মতো, ২০৫!
আইপিএলে ব্যাঙ্গালোরের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথমদিকে তিন খেলায় হারায় চাপে পড়ে দলটি। কিন্তু গেইল যোগ দেয়ার পর ব্যাঙ্গালোরের অবস্থা পাল্টে যায়। ১০ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে দলটি আছে তালিকার চার নম্বরে।
গেইলই যে একাই ব্যাঙ্গালোরকে পাল্টে দিয়েছেন তা মানছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারও। বলেছেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে একজনই যে দলের ভাগ্য পাল্টে দিতে পারেন, তাই দেখালেন গেইল।"
গেইলকে বোলারদের জন্য দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেন সঞ্জয়।
বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাড় পড়েন গেইল। খেলা হয়নি পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৫৭ ঘ.
bdnews24