ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মোহামেডানের 'মিলন মেলায়' যোগ দিতে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
বুধবার বিকেলে রানাতুঙ্গা ঢাকায় এসে পৌঁছান। বৃহষ্পতিবার সন্ধায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মোহামেডানের এই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এক সময় মোহামেডানের হয়ে খেলেছিলেন রানাতুঙ্গা। তাই মিলন মেলায় তাকে আমন্ত্রণ জানানো হয়। মোহামেডানের আমন্ত্রণে সাড়া না দিয়ে থাকতে পারেননি তিনি। সবার আগে চলে এসেছেন ঢাকায়।
শুধু রানাতুঙ্গাই নন, এ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা মোহামেডানের খেলে যাওয়া নাইজেরিয়ার সাবেক তারকা ফুটবলার এমেকাও আসছেন। বৃহষ্পতিবার ঢাকা পৌঁছাবেন তিনি।
এছাড়া পাকিস্তানের হকি তারকা শাহবাজ আহমেদ ও কামরান আশরাফও অনুষ্ঠানে যোগ দেবেন। বৃহষ্পতিবার তারা ঢাকা আসবেন বলে মোহামেডানের কর্মকর্তারা জানান।
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া বলেন, "মোহামেডানকে লিমিেিটড কোম্পানিতে রুপান্তর করায় আমরা এ মিলন মেলার আয়োজন করেছি। তাই দেশি-বিদেশি সাবেক তারকা খেলোয়াড়দের অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।"
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২০৬ ঘ.
bdnews24