ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে সিলেট বিভাগ। চূড়ান্ত খেলায় দলটি ৩৯ রানে হারায় খুলনা বিভাগকে।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে মঙ্গলবার বৃষ্টির কারণে খেলাটি ৪৩ ওভারে কমিয়ে আনা হয়।
টসে জিতে ব্যাট করতে নেমে সিলেট ৪২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে করে ৯৯ রান। জয়ের জন্য ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় খুলনা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। মাত্র দুই ব্যাটসম্যান পৌঁছেন দুই অঙ্কের ঘরে। তারাও পারেননি নিজেদের ইনিংস বড় করতে।
উদ্বোধনী ব্যাটসম্যান ফারদীন হোসেন করেন ১৪ রান। রানা বিশ্বাসও করেন ১৪।
সিলেটের পক্ষে রায়হান আহমেদ ৪ উইকেট নেন ১৬ রানে। এছাড়া শাকির আহমেদ ৩ উইকেট নেন ২ রানে।
এর আগে সিলেটের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে লড়াইয়ের পুঁজি গড়ে দেন অলি আহমেদ। সাত নম্বর ব্যাটসম্যান অলি শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থকেন। তার ৮০ বলের ইনিংসে ৬টি চার রয়েছে।
এছাড়া জাকির হোসেন ২০ ও জামশেদ হক ১০ রান করেন।
খুলনার পক্ষে আবু তালহা ও শফিকুল ইসলাম ৩টি করে উইকেট নেন। এ জন্য তালহা দেন ১২ রান। শফিকুল ১৫।
যৌথভাবে সেরা খেলোয়াড় হন সিলেটের অলি ও রায়হান।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হন সিলেটের রায়হান।
খেলা শেষে পুরস্কার দেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/টিআর/২১৩৭ ঘ.
bdnews24