ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেকান চার্জার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পুনা ওয়ারিয়র্স। তখনও হাতে ছিল ১০ বল।
১১ খেলায় এটি পুনার চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে তালিকার সাত নম্বরে। সমান খেলায় এটি ডেকানের অষ্টম হার। ৬ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে নবম স্থানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৩তম খেলায় মঙ্গলবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডেকানের অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
ব্যাট করতে নেমে শুরু করেও ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ফলে ৮ উইকেটে ১৩৬ রানে থেমে যায় ডেকানের পালা। জবাবে ১৮ ওভার ২ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১৩৭ রানে পৌঁছে যায় পুনা।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে জেসি রাইডার ও মানিশ পান্ডে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। বিশেষ করে, রাইডার। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৩৫ রান। তখন দলের রান ছিল ৫৫। রাইডার তার ২০ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে।
দ্বিতীয় উইকেট জুটিতে পান্ডে ও সৌরভ গাঙ্গুলী দেখেশুনে ব্যাট করে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। দলীয় ৯৩ রানের মাথায় পান্ডে (৪৯) ফিরে গেলে একটা ধাক্কা খায় পুনা। পরপর দুই উইকেট হারায় দলটি।
রবিন উথাপ্পা ১ ও অধিনায়ক যুবরাজ সিং ২ রান করে বিদায় নিলেও দলকে সহজ জয় এনে দেন সৌরভ ও ক্যালাম ফার্গুসন। শেষ পর্যন্ত সৌরভ ৩২ ও ফার্গুসন ১৫ রানে অপরাজিত থাকেন।
ডেকানের পক্ষে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২ উইকেট নেন ২১ রানে।
এর আগে ডেকানের প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই দু'অঙ্কের ঘরে পৌছালেও কেউ নিজের ইনিংস সেভাবে বড় করতে পারেননি। যদিও শুরুতে বড় সংগ্রহের আভাস দিয়েছিল ডেকান।
সপ্তম ওভারে ৫১ রানের মাথায় প্রথম ব্যাটসম্যান হিসেবে শেখর ধাওয়ান (২৪) বিদায় নেয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান রবি তেজা করেন ৩০। জেপি ডুমিনির ব্যাট থেকেও আসে ৩০ রান।
পুনার পক্ষে মিচেল মার্শ ৪ উইকেট নেন ২৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০১ ঘ.
bdnews24