২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও শেখ জামালের জয়

মেয়েদের ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে গুলশান ইয়ুথের বিপক্ষে জিতেছে আবাহনী। দিনের অন্য খেলায় দিপালী যুব সংঘকে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে গুলশান ইয়ুথের বিপক্ষে জিতেছে আবাহনী। দিনের অন্য খেলায় দিপালী যুব সংঘকে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী-গুলশান ইয়ুথ সিটি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার বি গ্র"পের খেলায় গুলশানকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী। তখনো হাতে ছিল ৮৮ বল। টস জিতে ব্যাট করতে নেমে গুলশান ৩৫ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে লতার অর্ধশতকের সুবাদে ২৫ ওভার ২ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১২৭ টপকে আবাহনী পৌঁছে যায় ১২৮ রানে। অধিনায়ক আয়শা আক্তার ও লতা উদ্বোধনী জুটিতে ৮০ রান তুলে আবাহনীর জয়ের পথ সুগম করে দেন। এক প্রান্তে আয়শা (২৭) দেখেশুনে খেললেও অন্য প্রান্তে লতা ছিলেন আক্রমণাত্মক। দলীয় ৯৭ রানে বিদায় নেয়ার আগে করেন ৫৭। তিনি তার ৫৬ বলের ইনিংসটি সাজান ৮টি চার দিয়ে। মাঝখানে রানের খাতা খোলার আগে রুবায়া হায়দার সাজঘরে ফিরে গেলেও শেষ পর্যন্ত শামীমা আক্তার ও তুলিকা বিশ্বাস আবাহনীকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শামীমা ২৮ ও তুলিকা ২ রানে অপরাজিত ছিলেন। গুলশানের পক্ষে হ্যাপি আলম ২ উইকেট নেন ৪৫ রানে। এর আগে আয়শা ও বৃষ্টি রায়ের ভালো বোলিংয়ের মুখে ২৭ বল আগেই থেমে যায় গুলশানের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে আজরা রহমানের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক তাজিয়া আক্তার ১৯ ও হ্যাপি ১৯ রান করেন। আবাহনীর পক্ষে আয়শা ৪ উইকেট নেন ২২ রানে। বৃষ্টি ৩ উইকেট নেন ৩২ রানে। শেখ জামাল-দিপালী যুব সংঘ গুলশান ইয়ুথ গ্রাউন্ডে এ গ্র"পের খেলায় দিপালী যুব সংঘকে ১০ উইকেটে হারিয়েছে শেখ জামাল। তখনও হাতে ছিলো ৪৬ বল। মাঠ ভেজা থাকায় ৪০ ওভারের বদলে খেলা হয় ২০ ওভারের। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৮২ রান করে দিপালী যুব সংঘ। জবাবে ১২ ওভার ২ বলে জয়ের লক্ষ্য ৮৩ রান ছাড়িয়ে ৮৪ রানে পৌঁছে যায় শেখ জামাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রেশমা আক্তার ও পান্না ঘোষ রীতিমতো ঝড় তোলেন। শেষ পর্যন্ত রেশমা ২৬ ও পান্না ৪৫ রানে অপরাজিত ছিলেন। এক প্রান্তে রেশমা দেখেশুনে খেললেও অন্য প্রান্তে পান্না ব্যাট করেন আগ্রাসী মেজাজে। তিনি তার ৩৫ বলের ইনিংসটি সাজান ৮টি চার দিয়ে। এর আগে শুরুটা ভালো করার পরও শেখ জামালের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে মাঝপথে খেই হারিয়ে ফেলে দিপালী। সর্বোচ্চ ৩৫ রান আসে রিফাত আরার ব্যাট থেকে। তিনি তার ২৮ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। মুনতাহা খাতুন করেন ২৭ রান। এছাড়া আর কেউ দু'অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। শেখ জামালের পক্ষে শরিফা খাতুন ২ উইকেট নেন ১২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩৫ ঘ.