২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ের বড় জয়

রাজস্থান রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজস্থান রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১১ খেলায় এটি চেন্নাইয়ের সপ্তম জয়। অন্যদিকে সমান খেলায় এটি রাজস্থানের পঞ্চম হার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫২তম খেলায় সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক শেন ওয়ার্ন। ব্যাট করতে নেমে মুরালি বিজয়ের অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ১৯৬ রান করে চেন্নাই। জবাবে অজিঙ্কিয়া রাহানের অর্ধশতকের পরও ১৯ ওভার ৩ বলে ১৩৩ রানে গুটিয়ে যায় রাজস্থানের পালা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান। শেষ পর্যন্ত ওই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি দলটি। এক প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা চলতে থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন রাহানে। কিন্তু নিজের অর্ধশতকে পৌঁছার পর দলীয় ১০৫ রানের মাথায় তিনিও বিদায় নেন। এরপর লড়াইয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় সেখানেই। রাহানে ৫২ রান করার পথে খেলেন ৩৬ বল। তিনি তার ইনিংস সাজান ৭টি চার দিয়ে। এছাড়া আর কোনো ব্যাটসম্যান নিজেদের ইনিংস সেভাবে বড় করতে পারেননি। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরু করেও দ্রুত বিদায় নেয়ায় খেলার পাল্লা শুরু থেকেই ঝুঁকে পড়ে চেন্নাইয়ের দিকে। চেন্নাইয়ের পক্ষে ডোগ বোলিঞ্জার ৩ উইকেট নেন ২২ রানে। এর আগে ব্যাট করতে নেমে উপরের সারির ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ের সুবাদে স্কোরবোর্ডে বড় রান জমা করে চেন্নাই। প্রথম চার ব্যাটসম্যানের সবাই রান করেছেন চল্লিশের বেশি। উদ্বোধনী জুটিতে মাইক হাসি ও বিজয় ৭৭ রানের শক্ত ভিত্তি গড়ে দেন। দশম ওভারে বিদায় নেয়ার আগে হাসি করেন ৪৬ রান। তার ৩০ বলের ইনিংসে ৮টি চার রয়েছে। দ্বিতীয় উইকেট জুটিতে বিজয় ও সুরেশ রায়না দলের সঙ্গে যোগ করেন ৫৮ রান। দলীয় ১৩৫ রানে বিজয় ফিরে গেলেও অবিচল ছিলেন রায়না। বিজয় তার ৪০ বলের ইনিংসটি সাজান ২টি চার ও ৩টি ছয় দিয়ে। ১৫তম ওভারে বিজয়ের বিদায়ের পর রীতিমতো ঝড় তোলেন রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রায়না ৪৩ রান করে সাজঘরে ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ধোনি। রায়না তার ২৭ বলের ইনিংসে ৬টি চার মারেন। অন্যদিকে ১৯ বলে ৪১ রানের হার না মানা ইনিংস খেলা ধোনির ব্যাট থেকে আসে ৩টি চার ও ৩টি ছয়। রাজস্থানের পক্ষে ১টি করে উইকেট নেন অশোক মেনারিয়া ও জোহান বোথা। এ জন্য অশোক দেন ১৭ রান। বোথা ২৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০১৬ ঘ.