২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগের আইপিএল শেষ

চোট পাওয়া ডান কাঁধে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ায় বীরেন্দর শেবাগকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের খেলাগুলোয় দর্শক হয়ে থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়া ডান কাঁধে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ায় বীরেন্দর শেবাগকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের খেলাগুলোয় দর্শক হয়ে থাকতে হবে। এ সপ্তাহের শেষের দিকে শেবাগের কাঁধে অস্ত্রোপচার করা হবে। খেলার মতো সুস্থ হয়ে উঠতে তার ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। শেবাগ জানিয়েছেন, তার অস্ত্রোপচার দরকার। এ জন্য শিগগিরই লন্ডন যাচ্ছেন তিনি। এ জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরেও তাকে দর্শক হয়ে থাকতে হতে পারে। ভারত ৪ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। আর ইংল্যান্ড যাবে জুলাইয়ের মাঝামাঝি সময়। দিল্লি ডেয়ারডেভিলসের মালিক জিএমআর স্পোর্টসের পরিচালক পিবি ভেঞ্চি বলেছেন, "শেবাগের মাঠে নামাই হবে অলৌকিক ঘটনা।" শেবাগের অবর্তমানে পয়েন্ট তালিকার সপ্তম দল দিল্লির নেতৃত্ব দেবেন জেমস হোপ। এখনো তিন খেলা রয়েছে দলটির। এর সবগুলোতে জিতলে সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনা রয়েছে দলটির। ভেঞ্চি বলেছেন, শেবাগের কাঁধের চোট নিয়ে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। বোর্ডও যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করতে বলেছে। বোর্ড তার অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছে বলে তিনি জানান। শেবাগের কাঁধের চোটের প্রকৃতি আগেরগুলোর মতোই। এই ধরনের চোটের জন্য তিনি দু'টো টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে মাঠে নামতে পারেননি। আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়ে শেবাগ আক্ষরিক অর্থেই নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেন। তবে দিল্লির অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব এড়াতে পারেননি তিনি। বলতে গেলে দলকে একাই টেনেছেন তিনি। ১১ খেলায় তার দল জিতেছে মাত্র ৪টিতে। তবে প্রতিযোগিতায় এ পর্যন্ত শেবাগই সব চেয়ে বেশি ৪২৪ রান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৫৫ ঘ.