ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে আজাদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দিনের অন্য খেলায় কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব।
ভেজা মাঠের কারণে দু'টো খেলাই ৪০ ওভার থেকে কমিয়ে আনা হয় ২০ ওভারে।
শেখ জামাল-আজাদ স্পোর্টিং
গুলশান ইয়ুথ গ্রাউন্ডে এ গ্র"পের খেলায় রোববার আজাদকে ২৬ রানে হারিয়েছে শেখ জামাল।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী খেলোয়াড় মাহমুদার অপরাজিত অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ১১৮ রান করে শেখ জামাল। জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ৯২ রানে থামে আজাদের পালা।
ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে আজাদ। চার নম্বর ব্যাটসম্যান রাশেদা খাতুন (২৮) ও রুবিনা সুলতানা (১২) ধাক্কা সামাল দিয়ে দলকে পথে ফিরিয়ে আনেন। কিন্তু এ দু'জনের বিদায়ের পর আবারো পথ হারিয়ে বসে আজাদ। পরের দিকের ব্যাটসম্যানরা হারের ব্যাবধানই কমিয়েছেন কেবল।
শেখ জমালের পক্ষে লিলি ২ উইকেট নেন ৬ রানে।
এর আগে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত মাহমুদা ৫১ ও চামেলী ১৩ রানে অপরাজিত থাকেন। মাহমুদা তার ৬৬ বলের ইনিংসটি সাজান ৪টি চার দিয়ে। এছাড়া পান্না ঘোষ ২৭ ও আদুরী ১০ রান করেন।
আজাদের পক্ষে চম্পা চাকমা ও রিতু মনি ১টি করে উইকেট নেন। এজন্য চম্পা দেন ১৫ রান। রিতু ১৭।
গুলশান ইয়ুথ-কলাবাগান
সিটি ক্লাব গ্রাউন্ডে বি গ্র"পের খেলায় কলাবাগানকে ৬ উইকেটে হারিয়েছে গুলশান। তখনো হাতে ছিল ৬১ বল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলাবাগান। বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে ১৭ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে দলটি করে ৩৩ রান। সর্বোচ্চ ৭ রান আসে নুরসাত জাহানের ব্যাট থেকে। এছাড়া সনি আক্তার ৬, নাজমা আক্তার ৪ রান করেন।
গুলশানের পক্ষে হ্যাপি আলম ও তাজিয়া আক্তার ৩টি করে উইকেট নেন। এ জন্য হ্যাপি দেন ৭ রান। তাজিয়া ১৪।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে স্বস্তি পায়নি গুলশানও। ৯ ওভার ৫ বলে জয়ের লক্ষ্য ৩৪ রানে পৌঁছতে হারাতে হয়েছে ৪ উইকেট। শেষ পর্যন্ত সমাপ্তী বিশ্বাস ১০ ও ফাতেমা আক্তার ১ রানে অপরাজিত থাকেন।
কলাবাগানের পক্ষে নুরজাহান সুলতানা ২ উইকেট নেন ১৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৫০ ঘ.
bdnews24