ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাডেমি কাপের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমির বিপক্ষে ৭ উইকেটে জিতেছে জিপি-বিসিবি একাডেমি দল। তখনো হাতে ছিল ৬ বল।
এ জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচের দু'টোতেই সফরকারীদের হারালো স্বাগতিকরা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের অধিনায়ক জশুয়া রিচার্ডস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৬ রান করে তারা। জেতার জন্য খেলতে নেমে আনামুল হকের অর্ধশতকের সুবাদে ১৯ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১৩৭ টপকে জিপি-বিসিবি পৌঁছে যায় ১৩৯ রানে।
ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে স্বাগতিকদের কাজ সহজ করে দেন মাইশুকুর রহমান ও আনামুল। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দলের সঙ্গে যোগ করেন ৭৮ রান। দলীয় ৯৯ রানের মাথায় মাইশুকুর (৩৪) বিদায় নিলেও স্বাগতিকদের চাপে ফেলতে পারেনি সফরকারীরা।
১৭তম ওভারে ১১৩ মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আনামুল (৬০) যখন বিদায় নেন দল ততক্ষণে পৌঁছে গেছে জয়ের একেবারে কাছাকাছি।
আনামুল তার ৪৯ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ১টি ছক্কা দিয়ে।
আনামুলের বিদায়ের পর বাকি কাজ বেশ সহজেই সারেন নাসির হোসেন ও মমিনুল হক। শেষ পর্যন্ত নাসির ১৮ ও মমিনুল ৮ রানে অপারাজিত ছিলেন।
এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার করেন ১৩।
সফরকারীদের পক্ষে হার্ডস ভিলিওন ও পেট্রিক বোথা ১টি করে উইকেট নেন। এজন্য ভিলিওন দেন ১৫ রান। বোথা ৩০।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা একাডেমি। ১২ ওভার ২ বলে ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসলে বিপদে পড়ে সফরকারীরা। কিন্তু দলকে টেনে তোলেন হেনড্রিকস।
শেষ ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে করেন ৩৭ রান। তার ৩৩ বলের ইনিংসে রয়েছে ২টি ছয়।
এর আগে এক প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালার মধ্যে অটল ছিলেন সোয়েম্যান। ১১তম ওভারে দলীয় ৭৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৩৪ রান। তার ২৩ বলের ইনিংসে ৫টি চার রয়েছে।
এছাড়া বোথা ২০ ও ভিলিওন ১৩ রান করেন।
জিপি-বিসিবির পক্ষে নূর হোসেন ও আলাউদ্দিন বাবু ২টি করে উইকেট নেন। এ জন্য নূর দেন ২৩ রান। বাবু ৩০।
এর আগে দুই দলের মধ্যে চারদিনের সিরিজ ১-১ এ অমীমাংসিতভাবে শেষ হয়। তবে একদিনের সিরিজে স্বাগতিকরা হারে ২-১ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫৫৫ ঘ.
bdnews24